ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর ওঠানামার পর সূচকের ঘরে আগের দিনের সঙ্গে ৫৮ পয়েন্ট যোগ করে সোমবার লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারেই।
দিনশেষে ডিএসইর সাধারণ সূচক (ডিএসই) আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫২৮ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন মোট ১ হাজার ৫৯২ কোটি টাকায় ১২ কোটি ১১ লাখ ২২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই পরিমাণ রোববারের চেয়ে ৬৮ লাখ টাকা বেশি।
এ বাজারে ১২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও কমেছে ১৩২টির দাম।
গত কয়েকদিনে লেনদেনের তালিকায় শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো সোমবারও ভালো করেছে। এর মধ্যে রয়েছে বেক্সিমকো, পিপলস লিজিং, তিতাস গ্যাস, বেক্সটেক্স, আরএন স্পিনিং, বে লিজিং, আফতাব অটো, ম্যাকসন স্পিনিং, গোল্ডেন সন ও সামিট পাওয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হলেও, আগের দিনের চেয়ে বেশি পয়েন্ট নিয়েই দিন শেষ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
সোমবার লেনদেন শেষে সিএসইর বাছাই সূচক (সিএসসিএক্স) আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৮১ পয়েন্ট হয়েছে।
এ বাজারে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ৯৩টির।
সিএসইতে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এইমস ফার্স্ট, ইউনাইটেড এয়ার, বেক্সটেক্স, ম্যাকসন স্পিনিং, ইউসিবিএল, প্রিমিয়ার ব্যাংক, আলআরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক, এনসিসি ব্যাংক ও শাহজালাল ব্যাংক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১৭১৭ ঘ.
bdnews24