২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক অবস্থা আশাব্যঞ্জক: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা আশাব্যঞ্জক। বিশ্বমন্দার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠছে সরকার। এখন যেসব সমস্যা রয়েছে তা তেমন বড় নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

সিলেট, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা আশাব্যঞ্জক। বিশ্বমন্দার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠছে সরকার। এখন যেসব সমস্যা রয়েছে তা তেমন বড় নয়। তিনি বলেন, এ বছর মোট অভ্যন্তরীণ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর ধোপাদিঘিরপাড় বাসভবনে এক সাংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কৃষিকে দেশের প্রধান অর্থনৈতিক ভিত উল্লেখ করে মন্ত্রী বলেন, "দেশে যতই শিল্পায়ন এবং তথ্য প্রযুক্তির অগ্রগতি হোক না কেন কৃষি আমাদের প্রধান চালিকা শক্তি। কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সরকারের অগ্রগতি ভালো। কিন্তু যোগাযোগ ক্ষেত্রে আমরা দুরাবস্থায় আছি। রেলওয়ের অবস্থা খারাপ, রাস্তাঘাট ভঙ্গুর।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেছা হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আনম শফিকুল হক প্রমুখ। অর্থমন্ত্রী দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে বলেন, "বিগত সরকার এ খাতকে জঘন্যতম অবস্থায় রেখে গিয়েছিল। বিদেশি কোম্পানিগুলো এ সরকারের দুর্নীতির কারণে আন্তর্জাতিক দরপত্রে তেমনভাবে সাড়া দেয়নি। 'এখন দুর্নীতির প্রসার সীমিত হচ্ছে' উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন দরপত্রে বিদেশি কোম্পানির সাড়া পাওয়া যাচ্ছে। গত দু'বছরে সিলেটের বিদ্যুৎ ও জ্বালানি খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। গত ৩০ বছরের মধ্যে এসময়ে লোডশেডিং অনেক কম বলে দাবি করেন মুহিত। তিনি বলেন, "সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো।" সিলেটের প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩-৪ জন করে শিক্ষক রয়েছে। সেখানে পাঁচ জন করে শিক্ষক নিয়োগের আশ্বাস দেন মুুহিত। মন্ত্রী সিলেটের ক্রীড়াঙ্গনে উন্নয়নের জন্য বিমানবন্দর এলাকায় নতুন ক্রিকেট স্টেডিয়াম এবং মাছিমপুর কয়েদির মাঠে ইনডোর স্টেডিয়াম ও সুইমিংপুল নির্মাণের আশ্বাস দেন। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী স্থানীয় ভূমিদস্যূদের সম্পর্কে বলেন, "লুটপাটকারীদের মধ্যে রাজনৈতিক আদর্শের ভেদাভেদ নেই। এ ক্ষেত্রে জামায়াত বিএনপি আওয়ামী লীগ সবাই সমান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬১৫ ঘ.