ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাল্টিলেভেল মার্কেটিংয়ের (এমএলএম) নামে 'প্রতারণায় জড়িত' প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট বন্ধ করার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের প্রচার কেন্দ্রে ব্রিফিংয়ে এ কথা জানান কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম।
তিনি জানান, এমএলএম প্রতিষ্ঠানগুলোরই বিরুদ্ধে বেশকিছুদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছে। কিছুকিছু প্রতিষ্ঠান ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণা করছে বলেও অভিযোগ রয়েছে।
"ওইসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে," বলেন আবুল কাশেম।
যেসব প্রতিষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে অর্থ নিয়ে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে ই-কমার্স আইনের আওতায় ব্যবস্থা নিতেও বলেছে কমিটি।
কমিটির সভাপতি জানান, জয়েন্ট স্টক কোম্পানি শুধু এসব এমএলএম ব্যবসার লাইসেন্স দেয়। এসব লাইসেন্স নিয়ে কারা কী ধরনের ব্যবসা করছে তা জয়েন্ট স্টক কোম্পানি জানে না।
দেশে এমএলএম কোম্পানির সঠিক সংখ্যা কত সে তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে নেই বলেও জানান আবুল কাশেম।
তিনি বলেন, "কমিটির আগামী বৈঠকে মন্ত্রণালয় এমএলএম প্রতিষ্ঠানের তালিকা উত্থাপন করবে। এসব প্রতিষ্ঠানের লাইসেন্সের বৈধতা খতিয়ে দেখতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।"
যাদের লাইসেন্স নেই তাদের ৯০ দিনের মধ্যেই অনুমোদন নেওয়ার পরামর্শ দেন তিনি।
এমএলএম ব্যবসা নিয়ন্ত্রণে মন্ত্রণালয় থেকে যে খসড়া নীতিমালা করা হয়েছে তা রোববার সংসদীয় কমিটির কাছে উত্থাপন করা হয়।
"এ খসড়াটি যথেষ্ট নয় বলে আমাদের মনে হয়েছে," বলেন কাশেম।
স্থায়ী কমিটির সদস্য টিপু মুন্সী জানান, আগামী বৈঠকে নীতিমালা নিয়ে আরো আলোচনা করবে কমিটি। এতে দুর্বলতা থাকলে সেগুলো মন্ত্রণালয়কে জানানো হবে।
"বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের। লাইসেন্সিং অথরিটি বাণিজ্য মন্ত্রণালয়ের হওয়ায় আমরা কিছু সুপারিশ করেছি। আগামী ছয় মাসের মধ্যে এ আইন পাস হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/১৯০৬ ঘ.
bdnews24