২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে দেখা ২০১১ স্বস্তি দেয়নি মূল্যস্ফীতি, বিনিয়োগেও খরা

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে না পারাকেই বিদায়ী বছরে অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চড়তে থাকা মূল্যস্ফীতি আর বিনিয়োগে খরা ২০১১ সালে স্বস্তিতে থাকতে দেয়নি সরকারকে। এর সঙ্গে যোগ হয়েছে তেল আমদানির বাড়তি ব্যয় এবং পড়তে থাকা টাকার মান নিয়ে উদ্বেগ।

তবে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে না পারাকেই বিদায়ী বছরে অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বছরের শেষ দিকে এসে খোদ অর্থমন্ত্রীও স্বীকার করেছেন যে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বছরের শেষে এসে মূল্যস্ফীতি পৌঁছেছে ১২ শতাংশের কাছাকাছি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় যা ৬ শতাংশ ছিল। উচ্চ মূল্যস্ফীতির কারণে চলতি অর্থবছর ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবুল মাল আবদুল মুহিত।

শুধু মূল্যস্ফীতি নয়, অর্থনীতির প্রধান সূচকগুলোর বেশিরভাগই বর্তমানে নেতিবাচক অবস্থানে রয়েছে। সরকারকে দৈনন্দিক কার্যক্রম চালাতে হচ্ছে ব্যাংক থেকে ধার করে। রাজস্ব আদায়, রপ্তানি আয়, রেমিটেন্স প্রবাহ এখনও ইতিবাচক হলেও কতোদিন তা অব্যাহত থাকবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।

এ সব কিছুর মধ্যেও আশা জাগিয়ে রেখেছে কৃষিখাত। গত কয়েক মৌসুমে ধানসহ সব ধরনের ফসলের বাম্পার ফলনের কারণে দেশে এখন খাদ্য মজুদ পর্যাপ্ত। সরকারের দাবি, আগামী এক বছর কোনো খাদ্য আমদানি না করলেও চলবে।

দ্রব্যমূল্য কমেনি

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যে পাঁচটি অগ্রাধিকারের কথা উল্লেখ করেছিল, তার প্রথমটি ছিল- দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ এবং বিশ্বমন্দার মোকাবিলায় সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।

নির্বাচনী ইশতেহারের আলোকে সরকার মজুদ বাড়াতে প্রচুর খাদ্যপণ্য আমদানি করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠন করেছে। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। গত তিন বছরে বাজারে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। মজুদদারি ও মুনাফাখোরি সিন্ডিকেট ভাঙ্গার কথা বলা হলেও বিদায়ী বছরও দেখা যায়নি কোনো বাস্তবমুখী পদক্ষেপ।

বিদায়ী বছরে সরকার তেল ও চিনির দাম স্থিতিশীল রাখার চেষ্টা করলেও বাজারে এখন প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। চিনিসহ অন্যান্য জিনিসের দামও চড়া।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা আকবর আলি খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার মজুদদারি ও মুনাফাখোরি সিন্ডিকেট ভাঙার যে প্রতিশ্র“তি দিয়েছিল তা এ বছরও পূরণ হয়নি। দফায় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বাজারে জিনিসপত্রের দাম আরও বেড়েছে। এতে মানুষের দুর্ভোগও বেড়েছে।”

মূল্যস্ফীতি বাড়ছেই

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০০৮ সালের ডিসেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ০৩ শতাংশ। ছয় মাসের ব্যবধানে ২০০৯ সালের জুনে তা ২ দশমিক ২৫ শতাংশে নেমে আসে।

কিন্তু এই পরিস্থিতি স্থায়ী হয়নি। ২০০৯ সালের ডিসেম্বরে সেই মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৫১ শতাংশে দাঁড়ায়। ২০১০ সালের জুনে এই হার হয় ৮ দশমিক ৭০ শতাংশ। আর ২০১১ সালের জানুয়ারি মাসে তা ৯ দশমিক ০৪ শতাংশে পৌঁছায়।

বিদায়ী বছরের মার্চে মূল্যস্ফীতি দুই অংকের ঘরে (ডাবল ডিজিট) পৌঁছায়। হার দাঁড়ায় ১০ দশমিক ৪৯ শতাংশ। সর্বশেষ গত নভেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৫৮ শতাংশ। আর নভেম্বর শেষে গড় মূল্যস্ফীতি দাঁড়ায় ১০ দশমিক ৫১ শতাংশে, যদিও চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে থাকবে বলে আশা প্রকাশ করেছিল সরকার।

মাস দুয়েক আগেও অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, মূল্যস্ফীতি নিয়ে তিনি চিন্তিত নন। কিন্তু গত ২১ ডিসেম্বর বিআইডিএস (বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান) আয়োজিত এক সেমিনারে অর্থমন্ত্রী বলেন, “দেশে বিনিয়োগের হার খুবই কম। গত এক দশক ধরেই বিনিয়োগের হার ২৪ শতাংশের কাছাকাছি। কোনো দেশ যখন তার জিডিপির হার ৭ কিংবা ৮ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করে, তখন বিনিয়োগের এই চিত্র মোটেও সন্তোষজনক নয়।”

“আই অ্যাম নট শিওর, হোয়ার উই উইল গো”, বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এ তসলিম মনে করেন, মূল্যস্ফীতির এই হার সহসা কমবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাজেটে যে লক্ষমাত্রা ধরা হয়েছে তার মধ্যে আটকে রাখা কোনোভাবেই সম্ভব নয়। গত মার্চ মাস থেকে মূল্যস্ফীতি দুই অংকের ঘরে। এ অবস্থা আরও বেশ কিছু দিন থাকবে বলে মনে হচ্ছে।”

জ্বালানি তেলে বেসামাল অর্থনীতি

খাদ্য ও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে গেলেও জ্বালানি তেল আমদানিতে বিদায়ী বছরে সরকারের খরচ বেড়েছে লাগামহীনভাবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) বলছে, ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র্রগুলোর চাহিদা মেটাতে এবার গত অর্থবছরে তুলনায় প্রায় দ্বিগুণ টাকার তেল আমদানি করতে হয়েছে।

বিপিসির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের হিসাবে চলতি ২০১১-১২ অর্থবছরে প্রায় ৭০ লাখ টন জ্বালানি তেলের প্রয়োজন হবে। আর এ জন্য সব মিলিয়ে খরচ হবে ৪৮ থেকে ৫০ হাজার কোটি টাকা।”

২০১০-১১ অর্থবছরে ২৮ হাজার ৫০০ কোটি টাকার তেল আমদানি করেছিল বিপিসি। ২০০৯-১০ অর্থবছরে আমদানি হয়েছিল ১৬ হাজার ৫৬৬ কোটি টাকার তেল।

চার দফা দাম বাড়ানোর পরও চলতি অর্থবছরে তেলের জন্য প্রায় ১১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। আর এই টাকার সংস্থান করতে গিয়েই বড় ধরনের চাপে পড়েছে দেশের অর্থনীতি। ভর্তুকির খরচ মেটাতে গত জুলাই থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে ১৬ হাজার ২৫৭ কোটি ৮৭ লাখ টাকা ঋণ নিয়েছে সরকার।

অথচ গত বছরে এই সময়ে ব্যাংক থেকে নেয়া সরকারের ঋণের পরিমাণ ছিল এক হাজার ৬৬৯ কোটি টাকা। আর চলতি অর্থবছরে সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা।

মির্জ্জা আজিজুল ইসলামের মতে, ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের ‘ভুল’ সিদ্ধান্তের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

“এ সব বিদ্যুৎ কেন্দ্র হওয়ায় দেশে বিদ্যুৎ উৎপাদন কিছু বেড়েছে ঠিক, কিন্তু এসব কেন্দ্রে তেল সরবরাহ করতে গিয়ে বাড়তি যে খরচ হচ্ছে- তা যোগাতে হিমশিম খাচ্ছে সরকার। আমার বিবেচনায় বেশি দামে তেল কিনে কম দামে এ সব কেন্দ্রে তেল সরবরাহ করার সিদ্ধান্ত ভুল ছিল। ওই ভুলেরই মাশুল এখন দিতে হচ্ছে।”

এডিপি বাস্তবায়নে ধীরগতি

পরিকল্পনা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ৪৬ হাজার কোটি টাকার এডিপির মাত্র ২০ শতাংশ বাস্তবায়ন হয়েছে। বিদেশি ঋণ-সহায়তার পরিমাণ কমে যাওয়ায় এডিপি বাস্তবায়নের এই দশা বলে মনে করেন মির্জ্জা আজিজ।

অর্থনৈতিক সম্পর্ক বিভগের (ইআরডি) তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে এডিপিতে বরাদ্দ বিদেশি সহায়তার মাত্র ১৩ শতাংশ বা দুই হাজার ৩৯৫ কোটি টাকা খরচ করতে পেরেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। আর দেশি উৎসের ২৫ শতাংশ বা ছয় হাজার ৯১৯ কোটি টাকা খরচ হয়েছে।

জুলাই-নভেম্বর সময়কাল ধরলে বিগত তিন বছরের মধ্যে ২০১১ সালেই এডিপি বাস্তবায়নের হার সবচেয়ে কম।

কমছে রিজার্ভ

গত আড়ই বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলারের ওপরে থাকলেও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ২০১১ সালে তা ৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এই রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয়ও মেটানো সম্ভব নয়।

গত সেপ্টেম্বর মাসে আমদানি ব্যয় বাবদ মোট ৩ দশািমক ২৭ বিলিয়ন (৩২৭ কোটি ১৮ লাখ) ডলার পরিশোধ করেছে সরকার। এই হিসাবে তিন মাসের আমদানি ব্যয় মেটাতে হলে ৯ দশমিক ৮১ বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা দরকার।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, প্রত্যেকে দেশের কেন্দ্রীয় ব্যাংকে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বিদেশি মুদ্রা মজুদ থাকতে হয়।

টাকার মান কমেছে ১৫ শতাংশ

অর্থনীতিবিদ এম এ তসলিম বলেন, “কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চাপে থাকার কারণে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান অব্যাহতভাবে কমছে। পরিস্থিতি এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। ডলারের দর কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন চিন্তার বিষয়।”

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৭ ডিসেম্বর প্রতি ডলারের বিনিময়ে পাওয়া গেছে ৮১ টাকা ৬০ পয়সা। তবে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোতে ডলার কেনাবেচা হয়েছে আরও বেশি দামে। গত বছরের এ সময়ে (ডিসেম্বরের শেষ দিকে) প্রতি ডলার ৭০ থেকে ৭০ টাকা ২৫ পয়সায় বিক্রি হয়েছে।

এ হিসাবে গত এক বছরে ডলারের বিপরীতে টাকা তার মূল্যমান হারিয়েছে ১৫ শতাংশের মতো।

রাজস্ব আদায় ও রপ্তানিতে প্রবৃদ্ধি

চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ। গত বছরের এ সময়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছিল ২৮ শতাংশ।

এ বছরের জুলাই-নভেম্বর সময়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি এসেছে আয়কর খাতে, ২৫ দশমিক ২৬ শতাংশ।

জুলাই-নভেম্বর সময়ে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৬১ শতাংশ। আর আমদানি ও রপ্তানি পর্যায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৩৭ শতাংশ।

এছাড়া রপ্তানি খাত থেকে জুলাই-নভেম্বর সময়ে ৯ দশমিক ৭০ বিলিয়ন ডলার দেশে এসেছে। গত বছরের এ সময়ে এসেছিল ৮ দশমিক ২৭ বিলিয়ন ডলার।

এ হিসাবে এই পাঁচ মাসে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৩৩ শথাংশ। আর গত অর্থবছরে এ সময়ে প্রবৃদ্ধি হয়েছিল ৩৫ দশমিক ৮০ শতাংশ।

পুরো অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৪১ দশমিক ৪৭ শতাংশ।

অবশ্য তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন মনে করেন, গতবারের প্রবৃদ্ধি এবার ধরে রাখা সম্ভব নাও হতে পারে।

“ইউরোপ ও আমেরিকাতে দ্বিতীয় দফা মন্দা চলছে। এ অবস্থায় তৈরি পোশাক রপ্তানিতে গতবারের মতো ভালো প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে।”

চলতি অর্থবছরের প্রথম চার মাসের তথ্য অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে আমদানি ব্যয় বেড়েছে ২৩ দশমিক ১৫ শতাংশ। এই সময়ে খাদ্য আমদানি কমেছে। কমেছে মূলধনী যন্ত্রপাতি আমদানির পরিমাণও। কিন্তু জ্বালানি তেল আমদানিতে ব্যয় বাড়ায় আমদানি ব্যয় বেড়েছে।

চার মাসে ১১ দশমিক ৭৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে, গত বছরের এই সময়ে যার পরিমাণ ছিল ৯ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। আর পুরো অর্থবছরে ৩৩ দশমিক ৬৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছিল।

রেমিটেন্সে প্রবৃদ্ধি ৭ দশমিক ৫৬ শতাংশ

চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে প্রবাসী বাংলাদেশিরা ৪ দশমিক ৯২ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৫৬ শতাংশ বেশি।

গত বছরে এ সময়ে প্রবৃদ্ধির পরিমাণ ছিল ১ দশমিক ৬৭ শতাংশ। আর পুরো বছরে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ০৩ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৮১০ ঘ.