আবু সুফিয়ান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের প্রথম দিকে আলোচিত ছিল র্যাবের গুলিতে ঝালকাঠীর কলেজ ছাত্র লিমন হোসেনের পা হারানোর ঘটনা। বছরের শেষের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবার আলোচনায় আসে ‘গুপ্তহত্যা’ নিয়ে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কাউকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে গুলি করে। কাউকে শ্বাসরোধ করে। এরপর তাদের লাশ ফেলার জন্য ধলেশ্বরী নদী, গাজীপুর আর সাভারের নির্জন স্থান বেছে নেয় জড়িতরা।
তবে র্যাব এ ধরনের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
বছরের শেষ দিকে কিছুদিন পরপরই নদীতে, ডোবা বা নির্জন মাঠে উদ্ধার হতে থাকে গুলিবিদ্ধ লাশ। কারো কারো পরিচয় পাওয়া গেলেও অনেককে দাফন করা হয় পরিচয় ছাড়াই। যাদের পরিচয় মিলেছে তাদের বেশিরভাগই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নানা স্তরের নেতা-কর্মী। রয়েছেন ছোট-বড় কয়েকজন ব্যবসায়ীও।
গত ১৪ ডিসেম্বর রাতে মোহাম্মদপুর থানা এবং র্যাব-২ এর ফিজিক্যাল ক্যাম্পের মাঝামাঝি জায়গা থেকে অপহরণ করা হয় ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি নাজমুল ইসলামকে। পরদিন গাজীপুরের সালনা থেকে নাজমুলের লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার অনেক দিন পেরিয়ে গেলেও দোষীদের শনাক্ত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন নিহত বিএনপি নেতার স্ত্রী সাবিরা সুলতানা মুন্নী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তিনি বলেন, “আমি অন্তত জানতে চাই কারা এই ঘটনায় জড়িত।”
লাশ পাওয়া যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম হাসান সোহেলেরও। গত ২৮শে নভেম্বর রাজধানীর হাতিরপুলে মোতালিব প্লাজার সামনে থেকে শামীম হাসানকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে অপহরণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী শামীম হাসান ছিলেন সূর্যসেন হল শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক। ।
শামীম হাসানের সঙ্গে অপহরণ করা হয় ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন এবং ব্যবসায়ী মাসুদকেও। ঘটনার কয়দিন পর ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয় ইসমাইলের লাশ।
মাসুদের স্ত্রী হাওয়া বেগম এখনও খুঁজে ফিরছেন তার ব্যবসায়ী স্বামী মাসুদের লাশ।
হাওয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “যেখানেই বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে সেখানেই আমরা ছুটে যাচ্ছি। মুন্সীগঞ্জে পরিচিতদের বলেছি ধলেশ্বরীতে কোনো লাশ পাওয়া গেলে আমাদের জানাতে।”
গত ৭ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গুম হন ইউনুস মুন্সি, তার ভাই মঞ্জু মুন্সি এবং তাদের মামাতো ভাই শেখেন মাতবর ও তাদের এক ব্যবসায়িক অংশীদার। তাদের সবার বাসা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায়। এর মধ্যে মঞ্জু মুন্সীর লাশ উদ্ধার করা হয় ধলেশ্বরী নদী থেকে। গত ১২ই ডিসেম্বর তার স্ত্রী ক্ষতবিক্ষত লাশ শনাক্ত করেন।
বাকিরা এখনো নিখোঁজ। পরিবারের সদস্যরা বলেছেন নিখোঁজ সবাই ছিলেন কাঁচামাল ব্যবসায়ী।
জুয়েল সরদার ও তার চাচাতো ভাই রাজি সরদার পেশায় ছিলেন টেকনিশিয়ান। তাদের বন্ধু মিজান ছাত্র পড়িয়ে আয় রোজগার করতেন। তিন জনকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যদের পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় গত ৩১শে জুলাই।
ক’দিন বাদে জুয়েল ও মিজানের লাশ পাওয়া যায় গাজীপুরের পুবাইল এলাকায়। আর রাজিবের লাশ পাওয়া যায় সিরাজদীখানের নিমতলীতে। তাদের শরীরে গুলির ক্ষত ছিল।
ঢাকা মহানগর পুলিশ এর উপ মহাপরিদর্শক (দক্ষিণ) মনিরুল ইসলাম এই ঘটনায় ডিবির জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
ঝালকাঠি জেলার রাজাপুর থানার যুবদল নেতা মিজানকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে নিখোঁজ তিনি। শুধু মিজানই নন, তার পরিবারের আরো তিন সদস্য নিখোঁজ হয়েছেন এক বছরে। গত ৬ই ডিসেম্বর তার ভাই কাইউমসহ পাঁচজনকে অপহরণ করা হয়। আজো হদিস পাওয়া যায়নি কারো।
উজিরপুরের ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরকে ঢাকা থেকে র্যাব পরিচয়ে তুলে নেবার পর তার আর সন্ধান মেলেনি।
গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর পুরানা পল্টন লাইনের বাসার নিচ থেকে অপহৃত হন ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি শামীম আকতার। সে থেকেই তিনি নিখোঁজ।
গত নভেম্বরে সাভার থেকে নিখোঁজ হন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হাজী নূর মোহাম্মদ ওরফে নূর হাজী। পরের মাসেই (৩রা ডিসেম্বর) গুম করা হয় নূর হাজীর বড় মেয়ের জামাই আবদুল মান্নান ও তার সঙ্গী ইকবাল হোসেনকে।
গত ২ ডিসেম্বর সাভার এলাকা থেকে উদ্ধার করা হয় দুইটি গুলিবিদ্ধ লাশ। তাদের একজনকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক হিসেবে সনাক্ত করেন তার স্বজনেরা।
গত ২ জুলাই তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে মিজানুর রহমান ও আলী আকবর নামে দুই যুবকের লাশ উদ্ধার হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুপ্তহত্যার অভিযোগ ওঠার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পত্রিকা পড়ে তিনি গুপ্তহত্যার খবর জেনেছেন।
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, গুম-অপহরণ-হত্যা অপরাধীদের কৌশল। আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ব্যবহার করে তারা এসব অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। এ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
মানবাধিকার সংগঠন অধিকার’র পরিচালক নাসিরুদ্দিন এলান বলেন, গুপ্তহত্যা আর গুম যে পর্যায়ে গেছে তাতে জাতি উদ্বিগ্ন। এটা রাষ্ট্রের ব্যর্থতা। গুপ্তহত্যা এবং গুমের অভিযোগ আইন শৃংখলা বাহিনীর বিরুদ্ধে গেলেও রাষ্ট্র বরং তাদের পক্ষেই বক্তব্য দিচ্ছে।
তদন্ত ছাড়াই রাষ্ট্রের পক্ষপাতিত্বে জড়িতরা উৎসাহ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় মানবাধিকার সংস্থার হিসেবে চলতি বছর সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডসহ গুপ্তহত্যা ও গুমের ৩৬২টি অভিযোগ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এসইউ/১৯১৪ ঘ.
bdnews24