২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে দেখা ২০১১পুঁজিবাজার: অস্থিরতা ও সংস্কারের বছর

দরপতন, অস্থিরতা ও নানামুখী সংস্কার নিয়ে আলোচিত একটি বছর পার করল দেশের পুঁজিবাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতন, অস্থিরতা ও নানামুখী সংস্কার নিয়ে আলোচিত একটি বছর পার করল দেশের পুঁজিবাজার। এ বছরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমে প্রায় ৩৬ শতাংশ। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু বিনিয়োগকারী। প্রায় সারা বছর জুড়েই দরপতনের প্রতিবাদে চলেছে আন্দোলন সংগ্রাম আর বৈঠক। তবে টানা একবছর অস্থিরতার পর নানামুখী সংস্কারের ফলে বছরের শেষ তিন সপ্তাহ পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, “পুরো বছরটাই ছিল অস্থিরতা আর আস্থাহীনতার বছর। তবে এসইসির অক্লান্ত প্রচেষ্টা ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর বাজার এখন ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে।” “নেতিবাচক কোনো সিদ্ধান্ত এবং দায়িত্বশীল জায়গা থেকে নেতিবাচক কোনো মন্তব্য না এলে নতুন বছরে বাজার স্থিতিশীলতা পাবে বলে আমি বিশ্বাস করি,” বলেন তিনি। চলতি বছরের প্রথম দিনে সাধারণ সূচক ৮ হাজার ২৯০ পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করে ডিএসই। বছরের শেষ কার্যদিবসে তা প্রায় ৩ হাজার পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে। গত একবছরে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৯০ হাজার কোটি টাকা। দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমে প্রায় এক তৃতীয়াংশে নেমে এসেছে। ২০১১ সালে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬৬৪ কোটি ২১ লাখ টাকার। ২০১০ সালে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৬৪৩ কোটি ৪০ লাখ টাকা। নির্দেশ অমান্য করে বেশ কয়েকটি সীমার অধিক বিনিয়োগ ও সাধারণ বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণে ‘মাত্রাতিরিক্ত’ ফুলে ফেঁপে ওঠা দেশের পুঁজিবাজারে অস্থিরতা শুরু হয় গত বছরের ডিসেম্বর থেকেই। সর্বোচ্চ সূচক, সর্বোচ্চ বাজার মূলধন, একদিনে সর্বোচ্চ লেনদেন ও একদিনে সর্বোচ্চ হাতবদল হওয়া শেয়ার সংখ্যার সবগুলো রেকর্ডই হয় ২০১০ সালের ডিসেম্বরে। ৫ ডিসেম্বর ডিএসই সাধারণ সূচক ৮ হাজার ৯১৮ পয়েন্টে পৌঁছে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করে। এরপরই ধীরে ধীরে সূচক কমতে শুরু করে। সাধারণ সূচক ৮ হাজার ২৯০ পয়েন্ট নিয়ে নতুর বছরে যাত্রা শুরু করে ডিএসই। তবে নতুন বছরের ৭ কার্যদিবসের মধ্যেই ‘মহাধ্বসে’ ডিএসই সাধারণ সূচক ২ হাজার পয়েন্ট কমে ১০ জানুয়ারি ৬ হাজার ৪৯৯ পয়েন্টে দাঁড়ায়। দরপতন আর অস্থিরতা চলে পুরো বছর জুড়ে। এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়। পুনর্গঠন করা হয় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বিভিন্ন আইনে আনা হয় পরিবর্তন। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ, কর হ্রাসসহ নানা ধরণের ছাড় দেওয়া হয়। টানা দরপতনের মধ্যে গত জুনে বাজেটে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ করে দেওয়ায় একমাস চাঙ্গা থাকে পুঁজিবাজারে। কিন্তু এরপর আবারও নিুমুখী হয় ডিএসই সূচক। এরপর গত ১৩ নভেম্বর পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুঁজিবাজার স্থিতিশীল করতে ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিতে নিতে এসইসিকে একটি প্রণোদনা প্যাকেজ তৈরি নির্দেশ দেন তিনি। ২৩ নভেম্বর এসইসি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এতে প্রাতিষ্ঠানিক বিশেষ করে ব্যাংক ও মার্চেন্ট ব্যাংক এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য নানা ধরণের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়। এর আগের দিন এসইসি আরেক নির্দেশনায় বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে নিজ কোম্পানির ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এছাড়া প্রত্যেক পরিচালককে কোম্পানির ন্যুনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে। ২ শতাংশ ধারণ করতে কোনো পরিচালক যদি ব্যর্থ হয় তাহলে তিনি পরিচালক হিসেবে থাকতে পারবেন না। এবং যদি কেউ ৫ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণ করে তাহলে পরবর্তী বার্ষিক সভায় তিনি পরিচালক হিসেবে মনোনীত হবেন। এ নির্দেশ জারির পরপরই পুঁজিবাজার থেকে কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের শেয়ার কেনার প্রবণতা শুরু হয়েছে। টানা একবছর ধরে চলা অস্থিরতার পর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত একবছর জুড়েই পুঁজিবাজারে অস্থিরতা ছিল। বর্তমানে কিছুটা স্থিতিশীলতা দেখা যাচ্ছে। তবে এটা কতদিন টেকসই হয় সেটাই দেখার বিষয়।” ২০১১ সাল শেষে ডিএসইতে তালিকাভুক্ত সিকিউরিটিজের সংখ্যা দাঁড়ায় ৫০১টি। এর মধ্যে কোম্পানি ২৩২টি, মিউচুয়াল ফান্ড ৩৭টি, ডিবেঞ্চার ৮টি, টেজারি বন্ড ২২১টি এবং কর্পোরেট বন্ড ৩টি। ২০১০ সাল শেষে ডিএসইতে তালিকাভুক্ত সিকিউরিটিজের সংখ্যা ছিল ৪৪৫টি। এর মধ্যে কোম্পানি ২১৮টি, মিউচুয়াল ফান্ড ৩১টি, ডিবেঞ্চার ৮টি, টেজারি বন্ড ১৮৬টি এবং কর্পোরেট বন্ড ২টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০৫৪ ঘ.