২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রপ্রবাসীদের উদ্যোগে সেমিনার

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (বিডিআই) দেশে দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (বিডিআই) দেশে দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করেছে। ২৮ ডিসেম্বর ঢাকায় বিনিয়োগ বোর্ডে এ সেমিনার হবে। সেমিনারের শিরোনাম হলো ‘বাংলাদেশে মূলধনীয় পণ্য উৎপাদনের সমস্যা এবং সম্ভাবনা’ (দি প্রবলেমস এন্ড প্রসপেকটস অব ক্যাপিটাল গুডস প্রডাকশন ইন বাংলাদেশ)। যুক্তরাষ্ট্রে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এবং এ বিষয়ে অভিজ্ঞ বেশ কয়েকজন পেশাজীবী সেমিনারে অংশ নেবেন বলে জানিয়েছেন বিনিয়োগ বোর্ডের উপপরিচালক আরিফুল হক। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ ধরনের সেমিনার দেশে এই প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে।” এছাড়া অন্যান্য খাতে পারদর্শিতা প্রদর্শনকারী বেশ কয়েকজন প্রবাসী সেমিনারে অংশ নেবেন বলে জানান আরিফুল হক। বিডিআইয়ের উদ্যোগের আগে বস্টনে হার্ভার্ড ইউনিভার্সিটিতে দুটি সম্মেলন হয়েছে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির আলোকে। সর্বশেষ সম্মেলনের অন্যতম স্পন্সর ছিল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। সেখানে যুক্তরাষ্ট্র প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিষয়ভিত্তিক গবেষক, বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টাও অংশ নেন। বাংলাদেশে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ সমস্যা, আমদানি-রপ্তানিতে সৃষ্ট জটিলতার অবসান, শিল্প-কারখানা পরিচালনায় নীতিমালা এবং কাঁচামালের সরবরাহ, স্থানীয় বাজারকে আরো শক্তিশালী করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন এবং অবৈধভাবে বিদেশি পণ্যের আমদানি ইত্যাদি বিষয়ে গবেষণামূলক মতামত উপস্থাপন করা হবে এই সেমিনারে। একইসঙ্গে কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রসার এবং টেকনিক্যাল ইউনিভার্সিটির সাথে মূলধনীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের যোগাযোগ আরো ঘনিষ্ঠ করা নিয়েও বিস্তারিত আলোকপাত করা হবে এ সেমিনারে। এ সেমিনারের সূত্র ধরে পরবর্তীতে বাংলাদেশে একই ধরনের সেমিনারে প্রবাসে অভিজ্ঞতাসম্পন্নদের যোগদানের পথ সুগম বলেও মনে করছেন আয়োজকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২০৪২ ঘ.