২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট অবৈধ: নৌমন্ত্রী

দেশব্যাপী চলমান লঞ্চ ধর্মঘট 'অযৌক্তিক ও অবৈধ' বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 11:12 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী চলমান লঞ্চ ধর্মঘট 'অযৌক্তিক ও অবৈধ' বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। নৌ-ধর্মঘট বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে মঙ্গলবার সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকরা তার সঙ্গে দেখা করেন। এসময় সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন মন্ত্রী। ধর্মঘট আহ্বানকারী সংগঠন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রসঙ্গে বলেন, "গত ৯ নভেম্বর স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি সাড়ে চার মাসেও বাস্তবায়ন হয়নি। ফলে অনেকটা বাধ্য হয়েই শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় সরকার 'অযৌক্তিক ও অবৈধ' যা খুশি তাই বলতে পারে।" ধর্মঘট আহ্বান প্রসঙ্গে শাজাহান খান সাংবাদিকদের বলেন, "নৌ-যান শ্রমিক ফেডারেশন কোন ট্রেড ইউনিয়ন নয়। তারা আইনগতভাবে দর কষাকষি করতে পারে না। তারা ধর্মঘটও আহ্বান করতে পারে না। "তারপরও সরকার তাদের যৌক্তিক দাবিগুলোর ব্যাপারে সমাধানে চেষ্টা করছে সরকার," বলেন শাজাহান খান। মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসেই শ্রমিকরা সমস্যার সমাধান করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। চৌধুরী আশিকুল জানান, গত প্রায় সাড়ে চার মাস যাবৎ শ্রমিকদের সমস্যা সমাধানে সরকারকে বারবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু সরকার মজুরি কাঠামো প্রণয়সহ সমস্যা সমাধানে কোন পদক্ষেপ নেয়নি। শ্রমিকদের ২২ দফা দাবির ব্যাপারে শাজাহান খান বলেন, "অনেক দাবি পূরণে ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে। নদী খনন, নদী দখলমুক্ত, বেড়িবাঁধ নির্মাণ, পরিবেশ রক্ষা, নদীর ওপর নির্মিত সেতুর উচ্চতা বন্যা সহনশীল মাত্রা থেকে ২৫ ফুট ওপরে করার ব্যাপারে সরকার কাজ করছে।" বেতন কাঠামো বিষয়ে মন্ত্রী বলেন, "এটি শ্রম মন্ত্রণালয়ের বিষয়।" "তারপরও সরকার ইচ্ছা করলে একটি বেতন কাঠামো করে দিতে পারে," জানিয়ে মন্ত্রী বলেন, "কিন্তু তা মালিক ও শ্রমিকদের মানতে হবে। তাই উভয়পক্ষকে এ ব্যাপারে একমত হতে হবে। এজন্য কমপক্ষে এক মাস সময় লাগবে। তারা একটি কাঠামো করে দিলে সরকার তা গেজেট করে দেবে।" নৌ-ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়ে নৌ-মন্ত্রী বলেন, "আইনগতভাবে কেউ কাউকে কোন কাজে বাধা দিতে পারে না। অযৌক্তিকভাবে কোন ধর্মঘটও করা যাবে না।মালিকরা কোন বাহন চালাতে চাইলে সরকার সহায়তা দেবে।" যাত্রীদের সুবিধার জন্য সরকারি জাহাজে যাত্রী পরিবহনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান শাজাহান খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৪০ ঘ.