ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাজেটে বস্ত্রখাতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে বিজিএমইএ।
রোববার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেটে বস্ত্রখাতের যন্ত্রপাতি আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে, এতে বস্ত্রখাতে বিনিয়োগ সংকুচিত হবে। কারণ একদিকে ব্যাংক ঋণের সুদের হার ১৫ শতাংশ। এই অবস্থায় যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক আরোপ হলে বস্ত্রশিল্প টিকিয়ে রাখা কঠিন হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রপ্তানি খাতে অর্থায়নের জন্য ব্যাংক সুদের হার ১০ শতাংশ এ নির্ধারণ করার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছিল বিজিএমইএ।
প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ খাতের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেও সমালোচনা করে বিজিএমইএ আশা করছে সরকার চূড়ান্ত বাজেটে বিদ্যুৎ খাতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাজেটে ২৭০ টি রুগ্ণ শিল্প পুনর্বাসন এবং শিল্পের মালিকদের বিদেশ ভ্রমণ সহজতর করতে সমিতির অনুরোধের ব্যাপারেও বাজেটে কোন নির্দেশনা নেই। পরিবেশ দূষণ মুক্ত রাখার স্বার্থে 'প্রযোজ্য শিল্প কারখানায়' ইটিপি স্থাপনের জন্য সহজ শর্তে সাত শতাংশ সুদে একটি তহবিল বরাদ্দের জন্য বাজেটে বিজিএমইএ--এর অনুরোধেরও কোন প্রতিফলন নেই।
বিজিএমইএ রপ্তানি খাতের জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে। কম্পোজিট শিল্পের জন্য ৫ শতাংশ হারে বিকল্প নগদ সহায়তা অব্যাহত রাখা এবং বন্ডের সময়সীমা দুই বছর করায় অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে পোশাক শিল্পের এই সংস্থা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২০৪১ ঘ.
bdnews24