২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে লেনদেন চাঙ্গা

বিদ্যুৎ, ব্যাংক, টেক্সটাইল এবং ফার্মাসিউটিকাল খাতে প্রাতিষ্ঠানিক ও বিদেশী বিনিয়োগকারীদের লেনদেনের উপর ভর করে বুধবার দেশের শেয়ার বাজারে মৌলভিত্তির ভালো মানের শেয়ারের সূচক ঊর্ধ্বমুখী ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 11:15 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

এইমস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী ইওয়ার সাঈদ বলেন, “দীর্ঘ দিন পর বাজার ভালো যাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীল পরিবেশে বিনিয়োগকারীরা ব্যবসা করতে নিরাপদ বোধ করছেন।”

ইওয়ার সাঈদ বাজারে খুচরা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ার বিষয়টিও উল্লেখ করেন। 

ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেনের পরিমাণ ৯০ কোটি ৩০ লাখ টাকায় পৌঁছে। যা ১৪ জানুয়ারি সপ্তাহের সর্বোচ্চ লেনদেন ৯২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা থেকে ২ কোটি ৩০ লাখ ৯ হাজার টাকা কম।

আগের দিন মঙ্গলবার বিদেশী বিনিয়োগকারীদের ৯ কোটি টাকাসহ মোট লেনদেনের পরিমাণ ছিল ৭০ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মোট লেনদেনের পরিমাণ মঙ্গলবারের ১৩ কোটি টাকা থেকে বেড়ে বুধবার ১৭ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকায় দাঁড়ায়।

গত ১৪ জানুয়ারি সিএসইর সর্বোচ্চ লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা।

ডিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩১ দশমিক ২০ পয়েন্ট বা ১ দশমিক ৮৭ শতাংশ বেড়ে ১৬৯১ দশমিক ৭৩ পয়েন্ট হয়েছে। ডিএসই-২০ ব্লু-চিপ শেয়ারের দাম ৪০ দশমিক ২৪ পয়েন্ট বা ২ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ১৫০১ দশমিক ১০ পয়েন্ট হয়েছে।

ডিএসআই বা সার্বিক শেয়ার মূল্যসূচক ২২ দশমিক ০৪ পয়েন্ট বা ১ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১৩৭৬ দশমিক ৯৯ পয়েন্ট হয়েছে।

অন্যদিকে টেক্সটাইল, ফার্মাসিউটিকাল ও বিদ্যুত খাতের শেয়ার লেনদেন বাড়ার কারণে সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৩৮৭৪ দশমিক ৪১ পয়েন্ট হয়েছে।

সিএসই--৩০ শেয়ার মূল্যসূচক ২ দশমিক ১১ শতাংশ বেড়ে ৩৫২৬ দশমিক ৭৯ পয়েন্ট হয়েছে। অন্যদিকে বাছাইকৃত শেয়ারের মূল্যসূচক ১ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ২৫৫৪ দশমিক ২৫ পয়েন্ট হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে থাকা ডেসকোর মোট লেনদেনের পরিমাণ ছিল ৯ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম ২ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৪৩৮ টাকা ৭৫ পয়সা হয়েছে।

লেনদেন তালিকায় ডেসকোর পরেই থাকা পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মোট লেনদেনের পরিমাণ ছিল ৮ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম ৩ দশমিক ০৯ শতাংশ বেড়ে ২৮৩ টাকা ৫০ পয়সা হয়েছে।

লেনদেন তালিকায় পিজিসিবির পরেই ছিল স্কয়ার টেক্সটাইল, সাউথইস্ট ব্যাংক, বেক্সটেক্স, প্রাইম ব্যাংক ও স্কয়ার ফার্মা।

স্কয়ার টেক্সটাইলের শেয়ারের দাম ১০ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৯৪ টাকা হয়েছে। অন্যদিকে সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ০২ শতাংশ বেড়ে ৩৬৫ টাকা হয়েছে।

বেক্সটেক্সের শেয়ারের দাম ৬ দশমিক ১৪ শতাংশ বেড়ে ২৪ টাকা ২০ পয়সা হয়েছে। কিন্তু প্রাইম ব্যাংকের শেয়ারের দাম শুন্য দশমিক ৬৬ শতাংশ কমে ৫৯৪ দশমিক ৭৫ পয়সা হয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা এবং গ্রামীণ-১ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম যথাক্রমে ৫ দশমিক ০৯ শতাংশ, ৬ দশমিক ৫৫ শতাংশ এবং ২ দশমিক ৩৬ শতাংশ কমেছে।

ডিএসইতে স্কয়ার টেক্সটাইল, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এবং ইনটেক অনলাইনের শেয়ারের দাম সবচেয়ে বেড়েছে।

অন্যদিকে সালেহ কার্পেট, ম্যাক এন্টারপ্রাইজ ও মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।

ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে মোট ১৪৫টি শেয়ারের দাম বেড়েছে, ৩৮ টি শেয়ারের দাম কমেছে এবং ১৫ টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।

অন্যদিকে সিএসইতে ৬৬ টি শেয়ারের দাম বেড়েছে, ১৫ টির দাম কমেছে এবং আটটি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।