২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএফটিআই কার্য পরিচালনা পরিকল্পনা ইসির কাছে পাঠিয়েছে

বাংলাদেশ ফরেন ট্রেড ইনষ্টিটিউট (বিএফটিআই) আগামী আড়াই বছরের কার্য পরিচালনা পরিকল্পনা অনুমোদনের জন্য গত ২১ অক্টোবর তা ইউরোপীয় কমিশনের (ইসি) কাছে পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 05:48 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

সূত্র জানায়, যদি ইসি পরিকল্পনাটি অনুমোদন করে, তাহলে বাংলাদেশ ট্রেড সার্পোট প্রোগ্রামের (বিটিএসপি) আওতায় ইসি এবং সরকার যৌথভাবে বিএফটিআইকে প্রায় ২৯ লাখ মার্কিন ডলার সাহায্য দেবে। 

গত ৯ অক্টোবরের বিএফটিআই বোর্ড মিটিংয়ে পরিচালকরা পরিকল্পনাটি অনুমোদন করেন।

বিএফটিআই প্রধান নির্বাহী কর্মকর্তা শিশির কুমার দেব বলেন, “এরই মধ্যে আমরা সাহায্য পাওয়ার জন্য ইসির প্রধান চার শর্ত পূরণ করেছি।”

বিটিএসপির আওতায় সাহায্য দেওয়ার ব্যাপারে ইউরোপীয় কমিশন চারটি শর্ত আরোপ করে। এগুলো হলো স্বত্ত্বাধিকারী ফি, পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধণ, সার্বক্ষনিক প্রধাণ নির্বাহী কর্মকর্তা নিয়োগ এবং তিন বছর মেয়াদী কার্য পরিচালনা পরিকল্পনা তৈরি।

এ ব্যাপারে ২০০৪ সালের ডিসেম্বরে সরকার ও ইসির মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুসারে, বিএফটিআই-এর মোট স্বত্ত্বাধিকার ফি হবে ৮ লাখ ইউরো বা ৬ কোটি ৮০ লাখ টাকা, এর মধ্যে সরকার দেবে ৬০ শতাংশ।

বিএফটিআই আগে সমাজ কল্যান অধিদপ্তরের আওতায় সোসাইটিজ অ্যাক্ট অনুসারে নিবন্ধিত হয়। পরে গত সেপ্টেম্বর মাসে এটি নিবন্ধিত হয় পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে।

শিশির কুমার বলেন, “আমরা ২০০৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের কার্য পরিচালনা পরিকল্পনা, বিশেষ করে প্রশিক্ষন ও গবেষণা কার্যক্রম এবং সম্পদ সংগ্রহ পরিকল্পনা গ্রহণ করেছি।

বিটিএসপির আওতায় ইসি এবং সরকার যথাক্রমে ২৩ লাখ এবং ৬ লাখ ডলার বিএফটিআইকে সাহায্য দিবে। চুক্তি অনুসারে, চলতি বছরের জুন মাসে সরকার বিএফটিআইকে সত্ত্বাধিকারী ফি হিসেবে ২ কোটি ৩০ লাখ টাকা দিয়েছে।

বিএফটিআই সূত্র জানায়, তাদের অন্যতম বেসরকারি সদস্য ছয় চেম্বার এবং সমিতি এখন পর্যন্ত ৮৫ লাখ টাকা ফি দিয়েছে।

বাণিজ্য সমঝোতা ও বাণিজ্য নীতি প্রণয়নে সরকার ও বেসরকারি, উভয় খাতকে সহায়তার জন্য   বিএফটিআই ২০০৩ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয়।