এফডিআই বাংলাদেশের চাহিদা পূরণের একমাত্র সমাধান নয়: হ্যারি
মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস রোববার বলেছেন, সরাসরি বিদেশি বিনিয়োগ বাংলাদেশের চাহিদা পূরণের ক্ষেত্রে একমাত্র সমাধান নয়। তবে স্থানীয় ব্যবসায়ীরা মনে করছে তথ্য প্রযুক্তি এবং হালকা ইঞ্জিনিয়ারিং খাতে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে।
তিনি আরও বলেন, স্থানীয় বিনিয়োগ এবং শীর্ষ ব্যবসায়ীদের পদক্ষেপ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রয়োজন।
ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাসট্রিজের (ডিসিসিআই) সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস এর এক বৈঠক কালে তিনি একথা বলেন।
তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের তৈরি পোষাক খাতের পর অন্যান্য প্রতিযোগী পণ্যগুলো পরিচিত করতে ব্র্যান্ড সম্প্রসারণের পরামর্শ দেন। হিমায়িত মৎস ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিজাত পণ্যের উপরও গুরুত্বারোপ করেন। মার্কিন রাষ্ট্রদূত সিরামিক ও হালকা ইঞ্জিনিয়ারিং খাতকে বিনিয়োগের জন্য সম্ভাব্য খাত হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রদূত বলেন, এসব শিল্পের সফলতা নির্ভর করছে কাঠমোগত উন্নয়নের ওপর। আগামী বছরগুলোতে সড়ক, রেলপথ, টেলিকমিউনিকেশন, বন্দর ব্যবস্থা এবং বিদ্যুৎ ও জ্বালানী খাত উন্নয়নের মাধ্যমে এই অবকাঠামো উন্নয়ন করতে হবে।
ডিসিসিআই সভাপতি সায়েদুল ইসলাম বলেন, দেশ বর্তমানে তৈরি পোশাক শিল্প নিয়ে একটি সম্ভাব্যহীনতার মধ্যে রয়েছে তাই অন্য খাতগুলোতে আমাদের দৃষ্টিপাত করতে হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের আইটি খাত ও হালকা ইঞ্জিনিয়ারিং খাতকে বিভিন্নভাবে সহায়তা করতে পারে।
বৈঠকে ডিসিসিআই’র সদস্যরা উপস্থিত ছিলেন।
