এসিআই’র ইয়ানমার কম্বাইন হারভেস্টারে ধান কাটা পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী
এসিআই মটরসের ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
গত মঙ্গলবার নেত্রকোনার মদন উপজেলার খালিয়াজুরী হাওড়ে এলাকায় ধান কাটা পরিদর্শন করেন তিনি।
কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণের লক্ষ্যে কাজ করছে এসিআই মটরস। এরই ধারাবাহিকতায় ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করার অত্যাধুনিক মেশিন ইয়ানমার কম্বাইন হারভেস্টার নিয়ে এসেছে এসিআই মটরস।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে লকডাউন। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত। তাই দেশে ধান উৎপাদন খুবই জরুরী। উৎপাদনের এই ধারা অব্যাহত নিশ্চিত করতে দেশের সকল কৃষকদের নেতৃত্ব দিচ্ছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তারই অংশ হিসেবে নেত্রকোনার মদন উপজেলার খালিয়াজুরী হাওড়ে এলাকায় ধান কাটা পরিদর্শন করেনমন্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন ধান কাটার মৌসুম চলছে। আগে হাওড় অঞ্চলের ধান কাটতে এক থেকে দেড় মাস লেগে যেত; প্রয়োজন হতো অনেক লোক। আর সময়ের অভাবে অনেক ধান পচে নষ্টও হয়ে যেতো।
কিন্তু দেশে কৃষি যন্ত্রাংশ আধুনিকায়নের পরে ধান কাটা নিয়ে স্বস্তি এসেছে। এইসব যন্ত্রাংশ দিয়ে ১০০-১৫০ লোকের কাজ একজন এবং খুবই কম সময়ে করা যায়।
ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে এক ঘণ্টায় এক একর জমির ধান বা গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করা যায়। জ্বালানি খরচ হয় মাত্র সাত থেকে আট লিটার ডিজেল।
