২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির সিইও মাহতাব অ্যামটবের নতুন সভাপতি

রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2020, 10:11 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হলেন মাহতাব।

বুধবার অ্যামটবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠনের কথা জানানো হয়।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে বাংলালিংকের সিইও এরিক অস এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।

নতুন সভাপতি মাহতাব বলেন,“ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে এমন একটি শিল্পের নেতৃত্ব দানের সুযোগ পেয়ে আমি গর্বিত। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি ডিজিটাল দেশে রূপান্তরিত হতে যাচ্ছে বলে আমি আনন্দিত।

“২০২১ সালের পর ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি ধরে রাখতে অ্যামটবকে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও প্রতিবেশ নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত এ শিল্পের সন্তোষজনক অগ্রগতি হয়েছে। বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাওয়ানোর জন্য ডিজিটাল সমাজ ও ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়ে তোলার জন্য কাজ করছি আমরা।”

এরিক অস বলেন, “এবারের মেয়াদে অ্যামটবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। বিশাল করের বোঝা এবং রেগুলেটরি চ্যালেঞ্জ সত্ত্বেও টেলিযোগাযোগ শিল্প ডিজিটাল সমাজ গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশের আরও অগ্রগতি নিশ্চিত করতে আমাদের সুযোগ ও সম্ভাবনা কাজে লাগানোর উদ্দেশে সুনির্দিষ্ট কর্মকৌশল নির্ধারণের জন্য সরকার ও নিয়ন্ত্রক সংস্থার সাথে কাজ করবে অ্যামটব।”

ইয়াসির আজমান বলেন,“টেলিকম শিল্প ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে। সরকারের ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়ন করতে অ্যামটব সম্মিলিতভাবে একটি দল হিসেবে কাজ করবে।”

অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট মাইকেল ফোলির হাতে একটি স্মৃতিস্মারক তুলে দেওয়া এবং ইয়াসির আজমানকে অ্যামটব নেতৃত্বে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, এমটবের মহাসচিব এস এম ফরহাদ, এরিকসনের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম, হুয়াওয়ের সিইও ঝাং ঝেংজুন, নকিয়া সল্যুশনস অ্যান্ড নেটওয়ার্কস বাংলাদেশের সিইও রাশেদ হক, বাংলালিংকের সিসিআরএও তাইমুর রহমান, গ্রামীণফোনের সিসিএও ওলে বিয়র্ন, রবির সিসিআরও সাহেদ আলম এবং টেলিটকের ডিজিএম মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

অ্যামটব বাংলাদেশের পাঁচটি মোবাইল টেলিকম নেটওয়ার্ক অপারেটরের- বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (সিটিসেল), রবি আজিয়াটা লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড- প্রতিনিধিত্ব করে।

সংগঠনটির সহযোগী সদস্য হিসেবে আছে তিনটি হচ্ছে শীর্ষ নেটওয়ার্ক সল্যুশন সরবরাহকারী প্রতিষ্ঠান- এল এম এরিকসন বাংলাদেশ, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড এবং নকিয়া সল্যুশনস অ্যান্ড নেটওয়ার্কস বাংলাদেশ লিমিটেড।