পরিমাপে কম: ৬ পেট্রোল পাম্পের বিরুদ্ধে ব্যবস্থা
ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে ছয়টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি, সায়েদাবাদ, সবুজবাগ, ডেমরা, নেত্রকোণার কেন্দুয়া ও কিশোরগঞ্জ সদরে অভিযান চালিয়ে এসব আইনি পদক্ষেপ নেওয়া হয়।
বিএসটিআইএয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি এলাকার মেসার্স হক ফিলিং স্টেশনের দুটি অকটেন ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কম দেওয়া হচ্ছিল। এছাড়া তিনটি ডিসপেন্সিং ইউনিট সীলবিহীন অবস্থায় ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। এজন্য তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুটি প্রতিষ্ঠানেরই ডিসপেন্সিং ইউনিটগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সবুজবাগ এলাকার মেসার্স শান্ত সিএনজি রিফুয়েলিং স্টেশনে তেল পরিমাপে নন স্ট্যান্ডার্ড ডিপরড ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্য অভিযানে ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় গোপন অভিযানকারী দল মেসার্স মুন ফিলিং স্টেশনের দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কম দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
এছাড়াও গত ২৭ অক্টোবর নেত্রকোণা জেলার কেন্দুয়া ও কিশোরগঞ্জ জেলা সদর এলাকায় বিএসটিআই অভিযান পরিচালনা করে দুটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করে।
কেন্দুয়া এলাকার মেসার্স হিমালয় ফিলিং স্টেশনের চারটি ডিজেল, দুটি অকটেন ও দুটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে তেল পরিমাপে কম দেওয়ায় পেট্রোল পাম্পটি বন্ধ করে দেওয়া হয় ও মামলা দায়ের করা হয়।
কিশোরগঞ্জ জেলা সদর এলাকার মেসার্স জামান ফুয়েল ফিলিং স্টেশন-২ এর দুটি ডিজেল, একটি পেট্রোল ও একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কম দেওয়ায় ডিসপেন্সিং ইউনিটগুলোর সাহায্যে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং মামলা দায়ের করা হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। সার্ভিল্যান্স টিমে সহকারী পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে সহকারী পরিচালক মোন্নাফ হোসেন, পরিদর্শক লিয়াকত হোসেন ও বিল্লাল হোসেন অভিযানে অংশ নেন।
