ডেভেলপমেন্ট কমিউনিকেশন ফোরামের যাত্রা শুরু
প্রথমবারের মত অনুষ্ঠিত হল ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট কমিউনিকেশন ফোরাম মিট আপ’।
শনিবার এর মাধ্যমে যাত্রা শুরু করল অনলাইনভিত্তিক প্লাটফর্ম ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট কমিউনিকেশন ফোরাম’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর বাংলামোটরে একটি রেস্তোরাঁয় স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত শতাধিক উন্নয়ন পেশাজীবী এক হয়ে এই প্লাটফর্ম গড়ে তোলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের মত এরকম উদ্যোগ নেওয়ার মূল লক্ষ্য, এই খাতে কর্মরতদের সাথে পরিচিত হওয়া, যারা ভবিষ্যতে কাজ করতে আগ্রহী তাদের জন্য একটি প্লাটফর্ম তৈরি করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের অভিজ্ঞতা, সাধারণ আগ্রহ, দক্ষতা, সুযোগ এবং যোগাযোগ সেক্টরে বিকাশের গল্প ইত্যাদি বিষয় নিয়ে পরস্পরের সাথে আলোচনার মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করা।
জাতিসংঘ, স্থানীয়-আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাসহ অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত যোগাযোগ বিশেষজ্ঞরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
