২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলমানি মার্কেটে ঋণের সীমা বাড়ল আর্থিক প্রতিষ্ঠানের

আর্থিক প্রতিষ্ঠানের কল মানি মার্কেট (আন্তঃব্যাংক মুদ্রাবাজার) থেকে ঋণ নেওয়ার সীমা পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2019, 11:50 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

নতুন নির্দেশনা অনুযায়ী, সেপ্টেম্বর থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ইক্যুইটির সর্বোচ্চ ৪০ শতাংশ হারে কল মানি মার্কেট থেকে ঋণ নিতে পারবে।

বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তাদের ইক্যুইটির বিপরীতে সর্বোচ্চ ৩০ শতাংশ হারে ঋণ নিতে পারে।

এরও আগে আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তাদের নিট সম্পদের সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারত।

তবে ২০১৭ সালের ২৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সেই নীতি পরিবর্তন করা হয়। এরপর থেকে ঋণের ঊর্ধ্বসীমা নির্ধারণ করতে নিট সম্পদের পরিবর্তে প্রতিষ্ঠানের ইক্যুইটিকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।

কলমানি রেট হচ্ছে- কম সময়ের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে টাকা ধার (ঋণ) করার সুদের হার।

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর তারল্য সংকট কাটাতে এই সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।