ফারমার্স ব্যাংক-প্রোটেক্টিভ ইন্স্যুরেন্সের চুক্তি নবায়ন
কর্মকর্তা-কর্মচারিদের সুরক্ষায় প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে করা চুক্তি নবায়ন করেছে ফারমার্স ব্যাংক লিমিটেড।
গত সোমবার গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে দুই কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি নবায়ন করা হয়।
ফারমার্স ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সাল থেকে প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে চুক্তিবদ্ধ ফারমার্স ব্যাংক। চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের অক্টোবর পর্যন্ত আবারো এক বছরের নতুন চুক্তি হয় দুপক্ষের মধ্যে।
অনুষ্ঠানে নভেম্বর ২০১৭ থেকে অক্টোবর ২০১৮ পর্যন্ত গত এক বছর কর্মীদের স্বাস্থ্য ও জীবন বীমার চুক্তির টাকা হস্তান্তর করে প্রটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্স।
ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু ও প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী ইউসুফ আলী মৃধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এহসান খসরু বলেন, একদল দক্ষ কর্মী বাহিনীর সহযোগীতায় ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সফল হয়েছে ফারমার্স ব্যাংক। গ্রাহকদের আর্থিক নিরাপত্তা যারা দেবেন সেই কর্মীদের সুরক্ষার দায়িত্বও প্রতিষ্ঠানের।
