শূন্য মার্জিনে চাল আমদানি নয়
চাল আমদানিতে আরও কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শূন্য মার্জিনে চাল আমদানির ঋণপত্র (এলসি) খোলা যাবে না।
বাজেটে আগের হারে শুল্ক ফিরিয়ে আনার পর এলসি খোলার ক্ষেত্রে এই শর্ত বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, কৃষকরা যাতে ধান-চালের ন্যায্য মূল্য পায়- তা নিশ্চিত করতেই এ সব ব্যবস্থা নেয়া হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, দেশে বন্যার কারণে চালের স্বাভাবিক সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে চালের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ২০১৭ সালের ১৯ জুন জারি করা সার্কুলারে চাল আমদানির ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে শূন্য মার্জিনে ঋণপত্র খোলার নিদের্শনা দেওয়া হয়েছিল।
ওই আদেশের ফলে চাল আমদানির এলসি খোলার জন্য গ্রাহক বা আমদানিকারককে কোনো টাকা দিতে হত না। এলসির পুরো অর্থ ব্যাংকই দিয়ে দিত।
মঙ্গলবারের সার্কুলারে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর ধানের ‘সন্তোষজনক’ উৎপাদন হয়েছে।
“কৃষক ও স্থানীয় চাল উৎপাদকদের ধান/চাল এর ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করাসহ কৃষকদের ধান চাষে উৎসাহ প্রদানের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এছাড়া সরকার খাদ্যশস্যের মজুদ কাঙ্ক্ষিত পর্যায়ে সংরক্ষণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
“এ সব উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে চাল আমদানির ক্ষেত্রে ঋণ ঝুঁকি বিবেচনায় ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করে ঋণপত্র খোলার জন্য পরামর্শ প্রদান করা হল। তবে কোনো অবস্থায় শূন্য মার্জিনে ঋণপত্র স্থাপন করা যাবে না।”
গত ৭ জুন জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় চাল আমদানির উপর আবারও ২৮ শতাংশ শুল্ক আরোপের কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, “কৃষকের উৎপাদিত ধান চালের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে চাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে সর্বোচ্চ আমদানি শুল্ক ২৫ শতাংশ এবং রেগুলেটরি ডিউটি ৩ শতাংশ পুনঃআরোপ করা হয়েছে।”
গত বছর এপ্রিলের শুরুতে আগাম বৃষ্টি ও বন্যার কারণে ফসলহানি ও মজুদ তলানিতে নেমে আসায় চাল আমদানিতে শুল্ক ২৮ শতাংশ থেকে ২ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। কিন্তু আমদানির কারণে কৃষকরা এখন চালের ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।
বাজেটে কৃষিখাতের প্রধান উপকরণ, বিশেষ করে সার, বীজ, কীটনাশক ইত্যাদি আমদানিতে ‘শূন্য’ শুল্কহার অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
