২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানত সংগ্রহে মোবাইলে মেসেজ নয়: কেন্দ্রীয় ব্যাংক

আমানত সংগ্রহের জন্য মোবাইল ফোনে মেসেজ না পাঠাতে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 10:04 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠায়।

আমানত সংগ্রহের চেষ্টায় থাকা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান প্রায়ই মোবাইল ফোন গ্রাহকদের মেসেজ দিয়ে আকৃষ্ট করার প্রয়াস চালায়, যার সমালোচনাও আসে বিভিন্ন জনের কাছ থেকে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, “কতিপয় আর্থিক প্রতিষ্ঠান উচ্চ সুদহারে আমানত সংগ্রহের লক্ষ্যে পেশাজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের গ্রাহকের কাছে মোবাইল ফোনে মেসেজ পাঠাচ্ছে, যা কাঙ্ক্ষিত নয় এবং কোনো কোনো ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

“এ ধরনের পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমে উচ্চ সুদহারে আমানত সংগ্রহের প্রচেষ্টা হতে বিরত থাকার জন্য সকল আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হল।”