২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোক্তা অধিকার লঙ্ঘন: সারাদেশে ৮৪ দোকানকে জরিমানা

চলমান বাজার তদারকি অভিযানে ঢাকাসহ সারাদেশের ৮৪টি দোকানকে প্রায় ছয় লাখ পাঁচ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-ডিএনসিআরপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 11:15 PM

Updated : 11 Oct 2022, 12:22 PM

পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) না লেখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধেই অধিকাংশ দোকানকে জরিমানা করা হয় বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।   

ডিএনসিআরপির ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে মঙ্গলবার ঢাকার ধানমণ্ডি, কলাবাগান, পান্থপথ এলাকায় এ অভিযান চালানো হয়।

ঢাকা ছাড়াও সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, ঝালকাঠি, কক্সবাজার, ফেনী, নাটোর, যশোর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, ফরিদপুর, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঝিনাইদহ, নওগাঁ, পাবনায় এ অভিযান চলে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকায় ঢাকার অভিযানে জিহাদ জেনারেল স্টোর, হিমেইল স্টোর ও বিসমিল্লাহ স্টোরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে উঠান রেস্তোরাঁকে এক লাখ টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় নিউ পিউলিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে শাহনাজ সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উঠান রেস্তোরাঁয় মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত দুধ সংরক্ষিত ছিল। তাই তাদের জরিমানা করে সতর্ক করা হয়েছে।”

তিনি বলেন, নিউ পিউলিসহ আরও কয়েকটি দোকানে স্থানীয় পর্যায়ে বেনামি বেকারির তৈরি কিছু কেক, পাউরুটি, বিস্কুট পাওয়া গেছে, যেগুলো গায়ে মেয়াদ বা এমআরপি ছিল না। কয়েকটি দোকানে পাওয়া বিদেশি চকলেটের মোড়কেও এমআরপি ছিল না।

এদিকে ঢাকার শাহজাহানপুর এলাকায় ডিএনসিআরপির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাণিজ্য মন্ত্রণালয়।

পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকায় সেখানে মাসুম এন্টারপ্রাইজকে এক হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে চাঁদপুর হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবারের এই অভিযানে দেশব্যাপী ২৫টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কারচুপি, খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদানের মিশ্রণ, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করায় ৭৬টি প্রতিষ্ঠানকে চার লাখ নয় হাজার টাকা জরিমানা করা হয়।