২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব সোনার দোকানে অভিযান চায় টিআইবি

আপন জুয়েলার্সের জব্দ করা স্বর্ণালঙ্কার ফেরতের দাবিতে জুয়েলার্স সমিতির কর্মসূচি ঘোষণার সমালোচনা করে সব প্রতিষ্ঠানে শুল্ক গোয়েন্দাদের অভিযান চেয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2017, 11:20 PM

Updated : 19 Aug 2022, 04:50 PM

এ ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে অংশীজনদের সম্পৃক্ত করে দ্রুত এ খাতের জন্য নতুন নীতিমালা প্রণয়নে সরকারের প্রতি দাবি জানিয়েছে সংস্থাটি।

বৈধতার কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা আপন জুয়েলার্সের প্রায় সাড়ে ১৫ মণ সোনা ফেরতের দাবিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি রোববার থেকে ধর্মঘটের ডাক দেওয়ার পর শুক্রবার দুর্নীতিবিরোধী সংস্থাটির এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দীর্ঘকাল উপেক্ষিত রাখার পর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের শুরু করা অভিযান সব প্রতিষ্ঠানে ‘সমভাবে’ প্রযোজ্য হতে হবে।

জুয়েলার্স সমিতির কর্মসূচি ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, “সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও অন্য কোনো মহল কর্তৃক এক্ষেত্রে কোনো প্রকার বিধিবহির্ভূত বাধা প্রদান বা প্রভাব সৃষ্টি করা অযৌক্তিক, অনৈতিক ও বেআইনি।এ ধরনের তৎপরতায় লিপ্ত হওয়া প্রকারান্তরে দুর্নীতির সহায়কের ভূমিকা পালনের নামান্তর।”

চলমান অভিযানে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে স্বর্ণ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

Image
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান

জুয়েলারি ব্যবসায় স্বচ্ছতার জন্য ব্যবসায়ী ও সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের ‘আন্তরিক সহযোগিতা ও সদিচ্ছা’ প্রয়োজন বলে মনে করে টিআইবি।

বিবৃতিতে বলা হয়, “সরকার ও বাংলাদেশ জুয়েলার্স সমিতি একদিকে আইনের যথাযথ প্রয়োগে সহায়ক ভূমিকা পালন করবে এবং অন্যদিকে পারস্পরিক আলোচনার মাধ্যমে স্বর্ণ আমদানি ও ব্যবসা নীতিমালা প্রণয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।”

স্বর্ণের খনি না থাকা বাংলাদেশে প্রায় এক দশক মূল্যবান এই ধাতু আমদানি ছাড়াই ব্যবসা চালিয়ে আসছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

বনানীর হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদের পরিবারের মালিকানাধীন আপন জুয়েলার্সের ১৫ দশমিক ৩ মণ সোনা এবং ৭ হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার জব্দ করে গত রোববার কেন্দ্রীয় ব্যাংকে পাঠায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

শুল্ক ফাঁকি রোধে দায়িত্বরত এই সংস্থা বলছে, মজুদ এসব সোনা-গহনার বৈধতার কোনো কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।

এর প্রতিক্রিয়ায় বুধবার সংবাদ সম্মেলন করে আপন জুয়েলার্সের স্বর্ণালঙ্কার ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়ার দাবি জানায় জুয়েলার্স সমিতি। সোনা আমদানির নীতিমালা করার পাশাপাশি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের অপসারণ চায় তারা।

এসব দাবি আদায়ে রোববার থেকে সারা দেশে সব জুয়েলারি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুমকি দেয় সোনা ব্যবসায়ীদের এই সংগঠন।

এদিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন, সোনা আমদানি নীতিমালা সহজ করতে এরইমধ্যে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছেন তারা।

এছাড়া গত পহেলা জুন সংসদে বাজেট বক্তব্যে সোনা আমদানি এবং জুয়েলারি শিল্পের জন্য একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

পুরনো খবর:

আপনের সোনা ফেরত না দিলে ধর্মঘটের হুমকি
সোনা আমদানি ও জুয়েলারি শিল্পে নীতিমালা প্রণয়নের ঘোষণা