২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছত্রাক সংক্রমণে ক্ষতিগ্রস্ত শার্শার বাসমতি চাষীরা

ভারতীয় বীজে ত্রুটির কারণে বাসমতি ধান আবাদ করতে গিয়ে মার খেয়েছেন যশোরের শার্শা উপজেলার অনেক চাষী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 01:49 PM

Updated : 11 Oct 2022, 01:35 PM

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার জানান, বীজে ত্রুটির কারণে ব্ল্যাস্ট নামে একধরনের ছত্রাক দেখা দিয়েছে বেনাপোল, বাহাদুরপুর, লক্ষ্মণপুর, ডিহি, শার্শা ও উলাশী ইউনিয়নের কয়েকটি এলাকার বাসমতি ধানের ক্ষেতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ রোগে আক্রান্ত ধানগাছের গোড়া ও শেকড় পচে যায়, পাতা লালচে হয়। ধীরে ধীরে দুর্বল হয়ে মরে যায় গাছগুলো।

“এছাড়া অতিরিক্ত ইউরিয়া সার ছড়ানোর কারণেও ব্ল্যাস্ট ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত জমির পানি শুকিয়ে তাতে সিকিউর, এমিস্টারটব ও নাটিবু ওষুধ স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।”

পরামর্শ দেওয়ার পর চাষীরা সুফল পাচ্ছেন বলে  জানান হীরক কুমার।

বাংলাদেশের মতো আবহাওয়ায় চাষযোগ্য এক প্রকার বাসমতি ধান ভারতে চাষের জন্য সে দেশের কৃষি বিভাগ উদ্ভাবন করেছে জানিয়ে এই কৃষি কর্মকর্তা বলেন, এর বীজ ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে আনা হয়।

“শার্শার চাষীরা এই বিশেষ বাসমতির বীজ নিজ দায়িত্বে সংগ্রহ করে চাষ করছেন ৮-১০ বছর ধরে। তবে তারা ব্লাস্টের কবলে পড়েছেন কেবল এ বছরই।”

শার্শা উপজেলায় চলতি বোরো মৌসুমে ২১ হাজার ৫৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের আবাদ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ১০২০ হেক্টর জমিতে সুগন্ধী জাতের বাসমতি ধানের আবাদ করছেন চাষীরা।

পান্তাপাড়া গ্রামের নুরুল ইসলাম, মমিনুর রহমান ও শফিকুল ইসলাম আট বিঘা জমিতে বাসমতি ধানের আবাদ করেছেন। তাদের সব জমিতেই ব্ল্যাস্ট ছড়িয়ে পড়েছে বলে তারা জানান।

তারা বলেন, কৃষি বিভাগের পরামর্শে ঔষধ ছিটিয়ে কিছুটা সুফল তারা পাচ্ছেন। তবে গত বছরের মতো পূর্ণ ফলন পাওয়ার আশা করতে পারছেন না।

যদুনাথপুর গ্রামের মশিয়ার রহমান বলেন, “বোরো আবাদ করে প্রতিবছর ঠকছিলাম। তাই এবার লাভের আশায় দুই বিঘা জমিতে বাসমতির আবাদ করি। এখন যে অবস্থা তাতে দেখছি মূলধনই হারাতে হয় কিনা কে জানে।”

লক্ষ্মণপুর গ্রামের চাষী নজরুল ইসলাম তিন বিঘা জমিতে বাসমতি ধান চাষ করেছেন। পুরোটাই ব্ল্যাস্টে আক্রান্ত হয়েছে। ওষুধ দিয়েও সুফল পাচ্ছেন না বলে তিনি জানান।

স্বরূপদা গ্রামের মজিবর রহমান, বাবলুর রহমান, শাজাহান আলী, বেনাপোলের গয়ড়া গ্রামের শওকত আলী বাসমতি ধানের আবাদ করেছেন। তাদের প্রত্যেকের জমিতে ব্ল্যাস্ট ছড়িয়ে পড়েছে বলে তারা জানান।

এদিকে বাসমতি ধানকে চাষীরা অনেকেই বিরি-৫০ নামে চেনে।

হরিণাপোতার কবীর হোসেন বলেন, “এটি বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের উদ্বাবন করা বিরি-৫০ নামেই আমরা জানি। স্থানীয়রা একে বাংলামতি ধানও বলে থাকে।”

একই কথা বলেন শার্শা গ্রামের কবীর উদ্দীন, পান্তাপাড়ার আব্দুল খালেকসহ অনেকে।