ব্যবসার পরিবেশ উন্নয়নে নানা উদ্যোগ
দেশি-বিদেশি বিনিয়োগ টানতে বাংলাদেশে ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বলছে, এখন ব্যবসা শুরুর সব প্রক্রিয়া সাত দিনের মধ্যে শেষ হবে, যেখানে আগে লাগত গড়ে ১৯ দশমিক ৫ দিন।
বিনিয়োগ বাড়াতে লাল-ফিতার দৌরাত্ম্য শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে সরকারি সংস্থাগুলো।
রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে চুক্তির অনুলিপি পাওয়া যাবে, পাশাপাশি মিউটেশনের জন্য তা চলে যাবে এসি ল্যান্ডের কাছে।
দেশজুড়ে ব্যবসা এবং কর প্রদানের প্রক্রিয়া, সময় ও খরচ সাশ্রয় হবে। আন্তর্জাতিক পর্যায়ের সবচেয়ে ব্যবসাবান্ধব পরিবেশের অনুরূপ কাজ হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বিশ্ব ব্যাংকের ‘ডুয়িং বিজনেস’ সূচকে ভালো করে দেশি-বিদেশি বিনিয়োগ টানতে চান তারা।
এই সূচকে বর্তমানে ব্যবসা করার পরিবেশের দিক দিয়ে বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬ নম্বরে।
নবগঠিত বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ২০২১ সালের মধ্যে সূচকে বাংলাদেশের অবস্থান একশ’র নিচে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
মঙ্গলবার ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধিদের পাশে নিয়ে আমিনুল ইসলাম বলেন, “এটা (এসব সংস্কার) এখন থেকেই শুরু হল।”
“আমাদের অনেক দূর যেতে হবে এবং ২০৪১ এর মধ্যে একটি উন্নত দেশের লক্ষ্য অর্জনে দ্রুত গতিতে এগোতে হবে।”
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাসেম খান এই ঘোষণাকে স্বাগত জানান।
