২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৬ শিক্ষার্থীকে বৃত্তি দিল এনসিসি ব্যাংক

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের ৬৬ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে এনসিসি ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 06:45 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

শনিবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ আয়োজিত অনুষ্ঠানে  ‘মেধাবৃত্তি-২০১৬’ বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আবদুস সালাম এবং ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম বিশেষ অতিথি ছিলেন।

অন্যদের মধ্যে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পরিচালক এম এ আউয়াল, খায়রুল আলম চাকলাদার, সোহেলা হোসেন, মো. আবুল বাশার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান আখতার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ধন্যবাদ জ্ঞাপন করেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে গর্ভনর ফজলে কবির বলেন, “জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষা, যা মানুষের মৌলিক অধিকার।

“আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের জ্ঞান, তথ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি। তাই তরুণ শিক্ষার্থীদের মেধার সঠিক রক্ষণাবেক্ষণ করা এবং সেই সাথে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়তা করার জন্য ব্যাংকিং সেক্টর কাজ করে যাচ্ছে।”

এর আগে শিক্ষার্থীদের বছরে সর্বোচ্চ ১৮ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হলেও চলতি বছর থেকে তা বাড়িয়ে ৩৬ হাজার টাকা করা হয়েছে।