২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বাড়ছে ব্রয়লার মুরগির দাম

নিত্যপ্রয়োজনীয় কয়েকটি ভোগ্যপণ্যের চড়া দাম নিয়ে হইচইয়ের মধ্যে নতুন করে বেড়েছে ব্রয়লার মুরগির দাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 06:28 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

দেশীয় খামারে উৎপাদিত এই মুরগি শনিবার ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হয়েছে।

খুচরা ব্যবসায়ীরা জানান, ফার্মের মুরগির দাম আরও বাড়তে পারে বলে পাইকাররা তাদের জানিয়ে রেখেছেন।

রোজাকে সামনে রেখে ডাল, ছোলা, চিনিসহ আরও কয়েকটি পণ্যের দাম গত এক মাসে দফায় দফায় বেড়েছে।

পর্যাপ্ত মজুদ থাকায় এসব পণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই বলে সরকারের বিভিন্ন দপ্তর থেকে দাবি করা হলেও বাজারে ইতিবাচক পরিবর্তন আসেনি।

এদিন ঢাকার বনানী, মহাখালী ও বাড্ডার কাঁচা বাজার ঘুরে দেখা যায়, ছোলার দাম আরেক ধাপ বেড়ে কোথাও কোথাও একশ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।

মহাখালী ও কারওয়ান বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও ডাল, রসুনের চড়া দাম অপরিবর্তিত রয়েছে।

নরসিংদী জেলার খামার মালিক বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্রয়লার মুরগি খামারেই তারা প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি করছেন। সারা দেশেই মুরগির দাম বেড়েছে।

দাম বাড়ার কারণ সম্পর্কে এই ব্যবসায়ী বলেন, তীব্র গরম ও অন্যান্য কারণে কিছুদিন আগে খামারে বেশ কিছু মুরগি মরে গিয়েছিল। এছাড়া ওষুধ ও খাবারের ব্যয় বেড়ে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম।

গত তিন মাস ধরে কাজী ফার্ম, প্রভিটা, আফতাবসহ অন্যান্য কোম্পানির বাচ্চা মুরগির দাম ৪০ টাকা থেকে বেড়ে ৭৫ টাকা হয়েছে বলে জানান তিনি।

বনানী সুপার মার্কেটের দোকানি ফয়েজ জানান, গুলিস্তান, কচুক্ষেত, মিরপুরসহ ঢাকার ব্রয়লার মুরগির পাইকারি বাজারগুলোতে মুরগির দাম প্রতি কেজি ১৭০ টাকা।

বৃহস্পতিবার থেকে তারা খুচরায় ১৮০ টাকা কেজি দরে মুরগি বিক্রি করছেন বলেও জানান তিনি।

এই বাজারে ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা, দেশি পেঁয়াজ ৫০ টাকা, আমদানি রসুন ২৪০ টাকা, দেশি রসুন ১৬০ টাকা, ভালো মানের মসুর ডাল ১৪০ টাকা, ছোলা ৯৫ টাকা ও ডাবলি ৫৫ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।

মহাখালীতে ছোলা ৯৫ থেকে ১০০ টাকা, মুগডাল ১০০ টাকা, ডাবলি ৫০ টাকা, দেশি পেঁয়াজ ৪০ টাকা, ভারতীয় পেঁয়াজ ২৪ টাকা, খেসারি ডাল ৮০ টাকা, চিনি ৫৬ টাকা, লবণ ৩৫ টাকা, মসুর ডাল ১১০ থেকে ১৪০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।

মহাখালীর মুদি দোকানি আব্দুল জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানি ও পাইকারির সঙ্গে সংশ্লিষ্ট বড় ব্যবসায়ীরা রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়িয়ে নিজেদের ইচ্ছে মতো ব্যবসা করে নিচ্ছেন। পাইকারি ব্যবসায়ীরা এক্ষেত্রে অসহায়। 

মহাখালীর কাঁচাবাজারেও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ থেকে ৪২০ টাকায়।

ঢাকার বাজারগুলোতে নিত্যপণ্যের দাম লাফিয়ে বাড়লেও ‘নানা অফারের’ মধ্যে কিছুটা নিয়ন্ত্রিত দাম দেখা গেছে সুপারসপে।

গুলশানে আগোরা সুপার সপের ভোগ্যপণ্য বিভাগের ব্যবস্থাপক বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের বিপণন কেন্দ্রে ছোলা ৮৫ টাকা, মসুর ডাল ১০৬ টাকা থেকে ১৪১ টাকা, মুগ ডাল ১০৯ টাকা, পেঁয়াজ ৪৪ টাকা, দেশি রসুন ১৬০ টাকা ও আমদানি রসুন ২১০ টাকা, বুটের ডাল ৯৭ টাকা, ডাবলি ৪৬ টাকা, চিনি ৪৯ টাকায় বিক্রি হচ্ছে।

পুরনো খবর:

নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত, দাম বাড়ালে ব্যবস্থা: সংসদীয় কমিটি
ছোলার কেজি পাইকারিতেই বেড়েছে আরও ১০ টাকা