২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত, দাম বাড়ালে ব্যবস্থা: সংসদীয় কমিটি

রোজার সঙ্গে সংশ্লিষ্ট চিনি, ছোলাসহ নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, এরপরও কেউ কারসাজি করে দাম বাড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 05:44 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

কয়েকটি নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় রোববার স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা এবং বেশি কিছু সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

বৈঠক শেষে তাজুল ইসলাম চৌধুরী বলেন, “টিসিবি ও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে আলাপ করে সংসদীয় কমিটি নিশ্চিত হয়েছে রোজার সঙ্গে সংশ্লিষ্ট সব পণ্যের পর্যাপ্ত মজুদ আছে। এরপরও কয়েকটি পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা আশ্চর্য হচ্ছি। অচিরেই মজুদদারি ও দাম বৃদ্ধির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

গত এক মাস ধরে লবণ, চিনি, ছোলা, পেঁয়াজ, রসুন ও ডালের দাম একটু-একটু করে বাড়ছে বলে গণমাধ্যমে খবর আসছে।

এজন্য দায়ী কোনো গোষ্ঠীকে চিহ্নিত করা কিংবা কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির দেখায়নি বাণিজ্য মন্ত্রণালয়।

এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তাজুল ইসলাম বলেন, “সেই খবর পেয়েই তো বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ব্যবস্থা নেওয়া হবে। কারসাজির মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা করা হলে প্রতিহত করা হবে।”

তিনি জানান, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় ১৪টি টিম কাজ করবে। তারা সোমবার থেকে মাঠে নামবে। সারাদেশেও প্রয়োজন মতো টিম থাকবে।

প্রস্তাবিত চা বিল নিয়ে বৈঠকে চূড়ান্ত আলোচনা হয় জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, “কমিটির বৈঠকে চাল বিল পাস হয়েছে। এখন এটা আগামী সংসদে উঠবে।”