ছোলার কেজি পাইকারিতেই বেড়েছে আরও ১০ টাকা
রোজা সামনে রেখে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকার কথা জানিয়ে সংসদীয় কমিটি ‘কারসাজি করে’ দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার কথা বললেও তার প্রভাব দেখা যায়নি বাজারে।
ছোলা, চিনি ও মসুর ডালসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম চলতি সপ্তাহে আরেক দফা বেড়েছে।
এজন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা একে অন্যকে দায়ী করলেও ভোক্তা অধিকারকর্মীরা সন্দেহ করছেন ‘সেই কারসাজিকেই’।
রোজা সামনে রেখে ছোলা, চিনি, রসুন, পেঁয়াজ, ডালসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বাড়ার খবর প্রকাশিত হওয়ার পর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনা হয় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও।
গত শনিবার বৈঠক শেষে কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী বলেছিলেন, রোজার সঙ্গে সংশ্লিষ্ট ডাল, চিনি, ছোলাসহ নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে। কেউ কারসাজি করে দাম বাড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে শুক্রবার ঢাকার নিত্যপণ্যের প্রধান পাইকারি বাজার কারওয়ান বাজারে রসুন ছাড়া অন্য কোনো পণ্যে তার প্রভাব দেখা যায়নি।
এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজিতে ২/৩ টাকা বেড়ে ৫৪ টাকায় বিক্রি হয়েছে এদিন। মসুর ডাল মানভেদে ৫ টাকা বেড়ে ১১৫ টাকা ও ১৩৫ টাকায় বিক্রি হয়।
এ প্রসঙ্গে কথা হয় কারওয়ান বাজারের ছোলা ও মসুর ডালের পাইকরি দোকান বিক্রমপুর জেনারেল স্টোরের এক বিক্রেতার সঙ্গে।
ছোলা ও মসুর ডালের দাম জানতে চাইলে তিনি বলেন, “পুরান ঢাকার রহমতগঞ্জের ব্যবসায়ীরা দাম বাড়ায়। আর সাংবাদিকরা আমাদের কাছে দাম জানতে চায়। ঘটনার মূলে হাত না দিলে আমরা বিপদে পড়ি।”
এই পাইকারি দোকানে প্রতি কেজি ভালো মানের ছোলা ৯০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এক সপ্তাহ আগেও কারওয়ান বাজারে এ ধরনের ছোলার দাম ছিল ৮০ টাকা।
রোজা শুরু হওয়ার প্রায় তিন সপ্তাহ আগে এসব পণ্যের দাম বাড়ার প্রসঙ্গে এদিন কথা হয় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ-সভাপতি নাজের হোসেনের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রোজা বা এ ধরনের মৌসুমে ব্যবসায়ীরা নিজেদের মধ্যে কারসাজি করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। তারা একে অন্যকে ‘ব্লেইম’ করে সাধারণ মানুষকে বোকা সাজাচ্ছে।”
“কোথাও কোনো বড় মজুদদারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে- এমন কোনো তথ্য নেই। অথচ দাম ঠিকই বাড়ছে, ব্যবস্থা নেওয়ার ঘোষণাও আসছে। তাহলে এই নির্লিপ্ততা কাদের স্বার্থ রক্ষায়?”
ব্যবস্থা নেওয়ার ঘোষণা না দিয়ে সঠিক মনিটরিং ব্যবস্থা চালু ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান ক্যাব সহ-সভাপতি নাজের।
কারওয়ান বাজারের চিনির পাইকারি বিক্রেতা আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কিছুদিন ধরে মিল পর্যায়ে চিনির সঙ্কট চলছে। ৩/৪ দিন অপেক্ষা করেও চিনির চালান আনা যাচ্ছে না।
দাম বাড়বে এমন আশঙ্কায় অনেকে বেশি করে চিনি কিনে রাখছেন। এসব কারণে চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। দামও কিছুটা বেড়েছে।
চিনির দাম বাড়ার কারণ সম্পর্কে জানতে কথা হয় পণ্যটির অন্যতম সরবরাহকারী সিটি গ্রুপের কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরীর সঙ্গে।
চিনির পাশাপাশি ছোলা এবং মসুর ডালসহ আরও কয়েকটি পণ্য পাইকারি দরে বিক্রি হয় আমিনুলের দোকানে।
তিনি বলেন, “রোজা সংশ্লিষ্ট এসব পণ্যের চাহিদা বাড়ার পাশাপাশি মজুদদারি শুরু হওয়ায় দাম কিছুটা বেড়েছে।”
অবশ্য গত এক সপ্তাহে আমদানি করা রসুনের দাম ‘অনেক কমেছে’ বলে জানিয়েছেন কারওয়ান বাজারের পাইকারি রসুন বিক্রেতা জামাল।
তিনি বলেন, আগে যেসব রসুনের কেজি ২২০ টাকা, ২৫০ টাকা ছিল তা কমে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুনের কেজি ৩০-৪০ টাকা কমে ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে।
