বিটাকের ১২০ নারী চাকরি পেল আরএফএলে
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ১২০ জন নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে আরএফএল।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিটাক মিলনায়তনে ২৬তম ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠানেই তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
এর আগে বিটাকের পরিচালক সৈয়দ মো. ইহসানুল করিমের কাছে প্রশিক্ষণার্থীদের নিয়োগপত্র হস্তান্তর করেন আরএফএলের মানব সম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক জাবের আল রাহাত খান।
এসময় অন্যদের মধ্যে এসইপিএ প্রকল্পের পরিচালক মো. ইকবাল হোসেন পাটোয়ারী ও আরএফএলে মানব সম্পদ বিভাগের উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশ থেকে অর্ধ শিক্ষিত এবং পিছিয়ে পড়া নারীরা সাধারণত বিটাকের নিজস্ব ক্যাম্পাসে বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে থাকেন।
গত পাঁচ বছরে বিটাকের প্রশিক্ষণ প্রাপ্ত প্রায় ৩৫০০ জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে প্রাণ-আরএফএল।
