২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমিরেটস গ্রুপের মুনাফা বেড়েছে ৫০ ভাগ

২০১৬ সালের সমাপ্ত অর্থবছরে ২.২ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করার কথা জানিয়েছে এমিরেটস্ গ্রুপ (এমিরেটস্ এয়ারলাইন, ডানাটা ও অন্যান্য প্রতিষ্ঠান)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 12:58 AM

Updated : 20 Aug 2022, 12:42 PM

এমিরেটস্ এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম মঙ্গলবার দুবাইয়ে গ্রুপের ২০১৫-১৬ অর্থবছরের প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য দেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এই ব্যবসায়িক গ্রুপ।

এই মুনাফা আগের বছরের তুলনায় ৫০% বেশি জানিয়ে এতে বলা হয়, “যদিও গ্রুপের রাজস্ব আয় গত বছরের তুলনায় ৩% হ্রাস পেয়ে ২৫.৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গ্রুপের নগদ ব্যালেন্স ৬.৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।”

সার্বিক মুনাফার ভিত্তিতে মধ্যপ্রাচ্যভিত্তিক এমিরেটস্ গ্রুপ দুবাই ইনভেস্টমেন্ট কর্পোরেশনকে ৬৮১ মিলিয়ন মার্কিন ডলার ডিভিডেন্ট দেওয়ার ঘোষণা দিয়েছে।

এমিরেটস্ গ্রুপের অন্যতম সদস্য এমিরেটস্ এয়ারলাইন গত অর্থবছরে ১.৯ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছেÑ যা আগের বছরের তুলনায় ৫৬% বেশি।

গত অর্থবছরে এমিরেটস্ ৫১.৯ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৮% বেশি। প্যাসেঞ্জার সিট ফ্যাক্টর ছিল ৭৬.৫% বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

উলি¬খিত সময়ে এমিরেটস্ রেকর্ডসংখ্যক ২৯টি উড়োজাহাজের ডেলিভারি গ্রহণ করেছেÑ যার মধ্যে ১৬টি ‘এয়ারবাস এ৩৮০’, ১২টি বোয়িং ৭৭৭-৩০০ইআর এবং একটি বোয়িং ৭৭৭এফ।

মার্চ মাসের শেষে এমিরেটস্ বহরে উড়োজাহাজের সংখ্যা ছিল ২১১টি। একই সময়ে বহর থেকে ৯টি উড়োজাহাজ ফেজ আউট করা হয়। এমিরেটস্ বহরে উড়োজাহাজগুলোর গড় বয়স কমে বর্তমানে ৭৪ মাসে দাঁড়িয়েছে।

এয়ারলাইনটির বহরে বর্তমানে রয়েছে বিশ্বের অন্য যে কোন এয়ারলাইনের তুলনায় সর্বাধিক সংখ্যক বোয়িং ৭৭৭ ও এ৩৮০ উড়োজাহাজ।

উড়োজাহাজ বহর বৃদ্ধির জন্য এমিরেটস্ বিভিন্ন আর্থিক সূত্র থেকে রেকর্ড পরিমাণ ৭.৩ বিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।