চট্টগ্রাম বন্দরে কার পার্কিং শেড উদ্বোধন
আমদানি করা গাড়ি রাখতে চট্টগ্রাম বন্দরে নতুন নির্মিত কার পার্কিং শেড উদ্বোধন হয়েছে।
শনিবার নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ৯৫০টি গাড়ি ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন এই শেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একইসাথে বন্দরের জন্য সংগৃহীত দুটি কার ক্যারিয়ারও উদ্বোধন করেন তিনি।
এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বন্দর-পতেঙ্গা এলাকার সংসদ সদস্য এম এ লতিফ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল উপস্থিত ছিলেন।
২৩ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৫০৮ টাকা ব্যয়ে এক লাখ ৯২ হাজার বর্গফুট জায়গায় নির্মিত আধুনিক এ কার শেডে একসাথে আমদানিকৃত সাড়ে নয়শর মতো গাড়ি রাখা যাবে।
২০১৪ সালের ৯ মে এ শেডটির নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় গত বছরের ৮ মে। মেসার্স প্রতনু ওয়াহাব অ্যান্ড বারিক অ্যাসোসিয়েটস যৌথভাবে শেডটি নির্মাণ করে।
এছাড়া আমদানিকৃত কার বন্দরের জেটি থেকে নতুন নির্মাণ করা কার শেডে পরিবহনের জন্য তিনকোটি ৯০ লাখ টাকা ব্যয়ে দুটি কার ক্যারিয়ার ক্রয় করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে যা প্রয়োজন তা সরকার করছে।
চট্টগ্রাম বন্দরের উত্তরোত্তর অগ্রগতি হচ্ছে দাবি করে তিনি বলেন, “বন্দরে এখন কোনো প্রকার শ্রমিক অসন্তোষ নেই। তাদের জন্য যা যা প্রয়োজন, তা করা হবে।”
অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান খালেদ ইকবাল নতুন কার শেডের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, পূর্বে চট্টগ্রাম বন্দরে খোলা আকাশের নিচে আমাদনি করা গাড়িগুলো থাকায় অনেকক্ষেত্রে কয়েকটি নষ্ট হওয়াসহ নানা জটিলতা হত।
আগের কার শেড ধীরে ধীরে কন্টেইনার ইয়ার্ডে পরিণত করা হবে বলেও জানান তিনি।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ভবিষ্যতের চাহিদা বিবেচনায় এখন থেকেই পরিকল্পনা গ্রহণের ওপর জোর দিয়ে বলেন, সিদ্ধান্ত গ্রহণে আরও দূরদর্শী হতে হবে।
