নিউজিল্যান্ডে কাসাভা রপ্তানি করছে প্রাণ
দেশে উৎপাদিত অপ্রচলিত সবজি কাসাভা রপ্তানি করতে নিউজিল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে প্রাণ।
চুক্তির আওতায় চলতি মাসে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কাসাভার একটি চালান নিউজিল্যান্ডে পাঠাতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।
সম্প্রতি প্রাণের সহযোগী প্রতিষ্ঠান সিলভান এগ্রিকালচার লিমিটেডের সঙ্গে কাসাভা রপ্তানির বিষয়ে ‘খান সেকেন্ড জেনারেশন লিমিটেডে’র একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাণের কর্মকর্তারা জানান, কাসাভা এ অঞ্চলে একটি অপ্রচলিত ফসল, যা সাধারণত শুষ্ক ও খরাপ্রবণ অঞ্চলে আবাদ হয়ে থাকে। নেটিভ আমেরিকাসহ বিশ্বের বহু এলাকায় ধান ও গমের পর কাসাভাকে জনপ্রিয় হিসাবে বিবেচনা করা হয়।
আগামী দুই বছরে কাসাভা রপ্তানির মাধ্যমে প্রায় ২৩ কোটি টাকা আয় করা সম্ভব হবে বলে নিজেদের পরিকল্পনার কথা জানান প্রাণের কর্মকর্তা মো. মিজানুর রহমান।
খান সেকেন্ড জেনারেশন লিমিটেডের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান খান বলেন, “কাসাভা নিউজিল্যান্ডে একটি জনপ্রিয় ও পুষ্টিকর খাদ্য।
“এর আগে ফিজি থেকে নিউজিল্যান্ডে কাসাভা আমদানি করতাম। প্রাণের খামার পরিদর্শন করে বাংলাদেশের কাসাভার মান, স্বাদ ও রঙ মান সম্মত মনে হওয়ায় আমদানির সিদ্ধান্ত নিয়েছি।”
প্রাণের কান্ট্রি বিজনেস ম্যানেজার (অস্ট্রেলিয়া) রাশেদুল হাসান বলেন, চুক্তিভিত্তিক কৃষিকাজের আওতায় গত মৌসুমে প্রাণ পাঁচ হাজার টন কাসাভা সংগ্রহ করেছে। আমাদের নিজস্ব চাহিদা পূরণসহ রপ্তানির ক্ষেত্রে আশানুরূপ সাড়া পাওয়ায় আগামী বছরগুলোতে কাসাভা চাষ আরো বাড়ানো হবে।
