২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসপি না দিতে অযাচিত শর্ত: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা না দিতে দেশটি অযাচিত শর্ত দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 01:27 AM

Updated : 12 Apr 2022, 01:40 AM

তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্রে মাত্র ৬ শতাংশ সরকারি ব্যবসা প্রতিষ্ঠান আর ১৩ ভাগ বেসরকারি প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন চালু রয়েছে। অথচ দেশটি বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার জন্য শতভাগ ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন চালুর শর্ত দিয়েছে।”

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা: বাংলাদেশের চ্যালঞ্জ’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

বাংলাদেশে কারখানার শ্রম পরিবেশ নিয়ে অসন্তোষ থেকে জিএসপি সুবিধা বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র। এরপর পরিস্থিতির উন্নতি ঘটালেও রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সুযোগটি আর দিচ্ছে না বলে দাবি করে আসছেন তোফায়েল।

অনুষ্ঠানে তিনি বলেন, “ক্রেতাদের প্রতিনিধি নিয়ে আমি আমাদের পোশাক কারখানা পরিদর্শন করেছি। শ্রমিকরা নিজের মুখে বলেছে তারা এখন প্রায় ১০ হাজার টাকা বেতন পায়। তাদের কর্মপরিবেশও ভালো। তবুও জিএসপি সুবিধা না পাওয়া দুঃখজনক।”

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত এই সংলাপে সভাপতিত্ব করেন ব্যবসায়ীদের সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান। অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, মির্জ্জা মোহাম্মদ আজিজুল ইসলাম ও মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নাসিম মঞ্জুরসহ অনেকে এতে বক্তব্য রাখেন।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রকৃতিবান্ধব উন্নয়ন নিশ্চিত করা। শিল্পায়নের ক্ষেত্রে এটা মারাত্মক চ্যালেঞ্জ।

বাংলাদেশের প্রবৃদ্ধির প্রায় অর্ধেক রাজধানী থেকে জোগান দেওয়ার তথ্য তুলে ধরে তিনি প্রকৃতিবান্ধব নগরায়নে দূরদর্শী পরিকল্পনা গ্রহণের উপর জোর দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ বরাবরই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এ পর্যন্ত এসেছে। গত ৯০ দশকের শেষের দিকে শিশু শ্রম আমাদের একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছিল। এখন তা আমাদের অতীত।

“একইভাবে জাতিসংঘ কর্তৃক গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও (এসডিজি) চ্যালেঞ্জ মোকাবেলা করেই অর্জন করব।”