২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাট ও বস্ত্র কারখানা সরকারিকরণে উদ্যোগ

শর্ত লঙ্ঘনকারী বেসরকারি খাতের পাট ও বস্ত্র কারখানাগুলোকে সরকারি মালিকানায় ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 05:34 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

এজন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (পবি) সভাপতি করে সোমবার ১০ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এক সময়ে ব্যক্তি মালিকানায় থাকা অনেকগুলো জুট ও টেক্সটাইল মিল সরকারিকরণের পর এসবের মধ্যে থেকে ৬৯টি মিল শর্তসাপেক্ষে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছিল।

এর মধ্যে যেসব মিল শর্ত লঙ্ঘন করেছে সেগুলোকে আবারও জাতীয়করণ করতে টাস্কফোর্সকে সুপারিশ দিতে বলা হয়েছে।

অর্থ, স্বরাষ্ট্র, শিল্প, আইন এবং ভূমি মন্ত্রণালয়; ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ জুট মিলস করপোরেশন এবং বাংলাদেশ টেক্সাইল মিল করপোরেশনের একজন করে প্রতিনিধিকে টাস্কফোর্সের সদস্য করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে (বেওবি) টাস্কফোর্সের সদস্য সচিব করা হয়েছে।

টাস্কফোর্সকে মিলগুলোর শর্ত লঙ্ঘনের বিষয় পর্যালোচনা ছাড়াও এসব মিল নিয়ে আগের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অগ্রাধিকার তালিকা তৈরি করতে বলা হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে এনে চালু করতে এসব মিল সরেজমিন পরিদর্শন করে টাস্কফোর্সকে সুপারিশ দিতে বলা হয়েছে।