দুই বাজারেই কমেছে সূচক ও লেনদেন
ব্যাংকের বিনিয়োগসীমা শিথিলের খবরে গত সপ্তাহে পুঁজিবাজারে চাঙ্গাভাব থাকলেও এ সপ্তাহের প্রথম দিন দুই বাজারেই কমেছে সূচক ও লেনদেন।
গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছিল সূচক ও লেনদেন।
গত রোববার ব্যাংকের বিনিয়োগসীমা শিথিলের ওই খবরের দিন দুই বাজারেই সূচক কমলেও বেড়েছিল লেনদেন। পরদিন ডিএসই ও সিএসইতে সূচক বেড়েছিল। সেদিন সিএসইতে লেনদেন কিছুটা কমলেও বেড়েছিল ডিএসইতে।
তৃতীয় দিন মঙ্গলবার দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বাড়ে। পরদিন দুই বাজরেই সূচক সামান্য কমে; তবে ডিএসইতে লেনদেন কমলেও বাড়ে সিএসইতে।
এ সপ্তাহের প্রথম দিন রোববার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৩ পয়েন্ট হয়েছে। অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪২ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন কমেছে ২০ দশমিক ৪ শতাংশ। এদিন লেনদেন হয়েছে ৩৩৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৯৬ কোটি ৭ লাখ টাকা কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ঢেল্টা লাইফ, এমারলেড ওয়েল এবং কাশেম ড্রাইসেল।
সিএসইতে মোট লেনদেন হয় ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১২৬টি ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
গত রোববার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, জানুয়ারি থেকে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা হিসাবের ক্ষেত্রে সহযোগী কোম্পানির (মার্চেন্ট ব্যাংক/ব্রোকারেজ হাউজ) মূলধন আর ধরা হবে না।
চলতি নিয়মে, সহযোগী কোম্পানির মূলধন যোগ করে ব্যাংকের মোট মূলধনের ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করা যায় না।
