২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসপির মেঘ কাটছে না

যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফিরে পেতে তাদের দেওয়া ১৬টি শর্তের সবকটি পূরণের দাবি সরকার করলেও, তা পেতে বাংলাদেশকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 10:05 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

পুরনো খবর:

জিএসপি না দিলে টিকফা অর্থবহ হবে না: তোফায়েল
যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরলেও বাংলাদেশ ফেরেনি
জিএসপি: হাল ছেড়ে দিলেন বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের জিএসপিতে কোনো রাজনীতি নেই: বার্নিকাট
‘জিএসপি না পাওয়া হতাশার’

ঢাকা সফররত ইউএসটিআরের (ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ) দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের প্রধান মাইকেল ডিলানি এবং ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বুধবার তা স্পষ্ট করে দিয়েছেন এই ইঙ্গিত দিয়ে, বাংলাদেশ আসলে ওই শর্তগুলো বাস্তবায়ন করতে পারেনি।

বাংলাদেশে পাঁচ দিনের সফর শেষে রাজধানীর এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন ডিলানি। তার আগেই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে তার বৈঠক হয়।

অনুষ্ঠানে ডিলানিকে একজন সহকারী সচিব হিসেবে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রদূত বার্নিকাট। বলেন, তার বাণিজ্য ও বাংলাদেশ বিষয়ে কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে।

দুই বছর আগে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো পূরণ হয়েছে বলে বাংলাদেশে কারও কারও মত রয়েছে- তা জানার কথা স্বীকার করে নিয়েই ডিলানি বলেন, “কিন্তু আমাদের মূল্যায়ন বলছে, আরও অনেক কিছু করার বাকি রয়েছে।”

ডিলানির বক্তব্যের আগে বার্নিকাট বলেন, “কর্মপরিকল্পনাটি অনুসরণ করাই হচ্ছে সামনে এগোনোর সঠিক পথ এবং সেটাই করতে হবে।”

বাংলাদেশকে দেওয়া পরিকল্পনায় কিছু ‘অন্তর্নিহিত’ আন্তর্জাতিক মানদণ্ড আছে যেগুলো পূরণ করতে হবে, বলেন রাষ্ট্রদূত।

কয়েকমাস আগে জিএসপি পুনর্মূল্যায়নের ক্ষেত্রে বাংলাদেশ বাদ পড়ে যাওয়ার পর ডিলানির এই সফরকে জিএসপি বিষয়ে সিদ্ধান্তের অংশ হিসেবে মনে করা হচ্ছিল।

তার সফরের কয়েকদিন আগেই বাংলাদেশ সরকার সংশোধিত শ্রম আইন বিধিমালা প্রণয়ন করে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়, এর মধ্য দিয়ে কর্মপরিকল্পনার শেষ শর্তের বাস্তবায়ন হয়েছে।

তবে ইউএসটিআর কর্মকর্তা বলেন, তিনি এসেছেন পোশাক শিল্প কারখানা পরিস্থিতি দেখতে, এ বিষয়ক তথ্য সংগ্রহ করতে।

২০১৩ সালের এপ্রিলের কারখানা দুর্ঘটনার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে ‘সাসটেইনেবিলিটি কম্প্যাক্ট’ কর্মকৌশল নিয়ে নভেম্বর বৈঠকের প্রস্তুতি হিসেবে তার এই তথ্য সংগ্রহ। 

রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির দুই মাসের মধ্যে ২০১৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা (জিএসপি) স্থগিত করে ওবামা প্রশাসন।

জিএসপির আওতায় বাংলাদেশের ৫ হাজার ধরনের পণ্য যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পেলেও দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল না।

Image
সংবাদ সম্মেলনে মাইকেল ডিলানি

সংবাদ সম্মেলনে মাইকেল ডিলানি

এই বিষয়ক সিদ্ধান্ত গ্রহণকারী দপ্তরের কর্মকর্তা ডিলানি বলেন, তখন ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ছয় বছর ধরে বাংলাদেশের কারখানা শ্রম পরিবেশ পর্যবেক্ষণের আলোকে।

যুক্তরাষ্ট্রের বাজারে এই সুবিধা না থাকা বাংলাদেশের রপ্তানিতে ততটা ভাটা না ফেললেও এর একটি নেতিবাচক প্রভাব পড়ে পুরো বাণিজ্যের উপর, সেই কারণে এই ‍সুবিধা ফিরে পেতে চায় ঢাকা।

গত অগাস্টে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বাদ দিয়ে জিএসপি সুবিধাপ্রাপ্ত দেশের নাম ঘোষণার পর থেকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলে আসছেন, এটি ওয়াশিংটনের রাজনৈতিক সিদ্ধান্ত।

তবে ডিলানি এই অভিযোগ নাকচ করে বলেন, জিএসপি স্থগিতের প্রক্রিয়াটি ‘স্বচ্ছ’ এবং ‘সব দেশের ক্ষেত্রে সমানভাবে’ প্রযোজ্য।

জিএসপি ফেরত পেতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই কর্মকৌশল ঠিক করা হয় জানিয়ে তিনি বলেন, “এর মাধ্যমেই বোঝা যায় ওই বিষয়গুলো সমাধানে আমরাও বাংলাদেশের অংশীদার।”

ডিলানি এটা স্পষ্ট করেছেন, জিএসপি ফেরত পাওয়ার সময়সীমা নির্ভর করছে বাংলাদেশে উপর।

“শ্রমিক নিরাপত্তার বিষয়ে একটি বাস্তব উন্নতি হয়েছে। তবে বাকি বিষয়গুলোর প্রতিও নজর দিতে হবে।”

উদাহরণ হিসেবে শ্রমিকদের সংগঠন করার অধিকার, ইপিজেডের ভিতরে ও বাইরে সবখানেই ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়ার কথা বলেন যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা।

Image
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তোফায়েল আহমেদ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তোফায়েল আহমেদ

তবে ইউএসটিআর কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল দাবি করেছেন,ইপিজেড শ্রমিকরাই ট্রেড ইউনিয়ন চায় না। তারা বর্তমান অবস্থায় খুশি আছে।

তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “তারা (প্রতিনিধি দল) চট্টগ্রাম ইপিজেড সফর করেছেন। সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। শ্রমিকরা জানিয়েছে তারা খুশি। সেখানে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই।”

“আমি তাদের (ইউএসটিআর) বলেছি, আমাদের পক্ষে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়,” বলেন মন্ত্রী।

বৈঠকে ডিলানি বাংলাদেশকে দেওয়া ১৬টি শর্তের অধিকাংশই বাস্তবায়নের কথা স্বীকার করেছেন দাবি করে তোফায়েল জিএসপি ফেরত না পেলে টিকফা চুক্তি কার্যকর না করার ইঙ্গিতও দেন।  

“তাদের বলেছি, জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া-না দেওয়া এখন তোমাদের সিদ্ধান্তের বিষয়। তবে টিকফাকে অর্থবহ করতে হলে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া উচিত। নতুবা নভেম্বরে অনুষ্ঠেয় টিকফা বৈঠক অর্থবহ হবে না।”