২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসপি না দিলে টিকফা অর্থবহ হবে না: তোফায়েল

যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা না দিলে টিকফা চুক্তি কার্যকর হবে না বলে প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 11:13 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

পুরনো খবর:

জিএসপির মেঘ কাটছে না
যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরলেও বাংলাদেশ ফেরেনি
বাংলাদেশের জিএসপিতে কোনো রাজনীতি নেই: বার্নিকাট

“টিকফাকে অর্থবহ করতে হলে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া উচিত। নতুবা নভেম্বরে অনুষ্ঠেয় টিকফা বৈঠক অর্থবহ হবে না।”

জিএসপি সুবিধা দেওয়া-না দেওয়ার কর্তৃপক্ষ ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রধান মাইকেল ডিলানির সঙ্গে সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তোফায়েল।

যুক্তরাষ্ট্রের বহু দিনের দেন-দরবারের পর ২০১৩ সালে তাদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা কাঠামো চুক্তি (টিকফা) সই করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

টিকফা স্বাক্ষরের পর ২০১৩ সালে বাংলাদেশের কারখানার শ্রম পরিবেশ নিয়ে অসন্তোষ থেকে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ (জিএসপি) সুবিধা স্থগিত করে ওবামা প্রশাসন।

জিএসপি ফেরত পেতে তখন বাংলাদেশকে ১৬টি শর্ত বেঁধে দিয়েছিল যুক্তরাষ্ট্র। তা বাস্তবায়নে অগ্রগতির দাবি বাংলাদেশ করে এলেও এই বছরের মাঝামাঝিতে জিএসপি সুবিধা পুনরায় বিভিন্ন দেশকে দিলেও বাংলাদেশকে ধরার মধ্যে নেয়নি ওয়াশিংটন।   

ইউএসটিআর কর্মকর্তার সঙ্গে আলোচনার বিষয়ে তোফায়েল সাংবাদিকদের বলেন, “তারা স্বীকার করেছেন, যে ১৬টি শর্ত দিয়েছিল সেগুলোর অধিকাংশই আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি এবং শর্ত পূরণে বাংলাদেশের অগ্রগতি ও উন্নতিতে তারা সন্তোষ প্রকাশ করেছেন।”

তবে ডিলানি এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশকে দেওয়া শর্তগুলো পূরণ হয়নি। এখনও অনেক কিছু বাকি রয়েছে। ইপিজেডের ভেতরে-বাইরে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।

তোফায়েল বলেন, ইপিজেড শ্রমিকরা ট্রেড ইউনিয়ন চায় না।

“তারা চট্টগ্রাম ইপিজেড সফর করেছেন। সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। শ্রমিকরা জানিয়েছে, তারা খুশি। সেখানে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই।”

ইউএসটিআর ইপিজেডের সবগুলো কারখানার ‘শ্রমিক কল্যাণ সমিতি’র সমন্বয়ে একটি ‘অ্যাসোসিয়েশন’ চাওয়ার কথা জানিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্রের আচরণে ক্ষুব্ধ তোফায়েল বলেন, “আমি তাদের (প্রতিনিধি দল) বলেছি, আমাদের পক্ষে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়।

“তাদের বলেছি, জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া না-দেওয়া এখন তোমাদের সিদ্ধান্তের বিষয়।”

বাণিজ্যমন্ত্রী বলে আসছেন, বাংলাদেশকে জিএসপি সুবিধা ফেরত না দেওয়াটা ওয়াশিংটনের রাজনৈতিক সিদ্ধান্ত।

তবে ডিলানি সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, জিএসপি স্থগিতের প্রক্রিয়াটি ‘স্বচ্ছ’ এবং ‘সব দেশের ক্ষেত্রে সমানভাবে’ প্রযোজ্য।

জিএসপি ফেরত পাওয়ার বিষয়টি বাংলাদেশের উপরও নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।

জিএসপির আওতায় বাংলাদেশের ৫ হাজার ধরনের পণ্য যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পেলেও দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল না।

যুক্তরাষ্ট্রের বাজারে এই সুবিধা না থাকা বাংলাদেশের রপ্তানিতে ততটা ভাটা না ফেললেও এর একটি নেতিবাচক প্রভাব পড়ে পুরো বাণিজ্যের উপর, সেই কারণে এই ‍সুবিধা ফিরে পেতে চায় ঢাকা।

বাণিজ্যমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের উপর জিএসপি সুবিধা দিত না। প্লাস্টিক, টোবাকো, সিরামিক, টেবিল ওয়্যারের মতো কিছু আইটেমের উপর দিত, যার পরিমাণ বছরে ২৩ মিলিয়ন ডলারের বেশি নয়।

“বর্তমানে বাংলাদেশের রপ্তানি ৩১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তাই এতে বাংলাদেশের তেমন আর্থিক ক্ষতি না হলেও ইমেজ সংকটের বিষয়।”

কর্ম সম্পাদন চুক্তি

সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে মন্ত্রীর উপস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর/দপ্তর/সংস্থা প্রধানদের মধ্যে স্ব স্ব সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই হয়।

এর ফলে কাজের গতি ও জবাবদিহি বাড়বে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, “আমরা প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করতে পারব। প্রতি বছর আমাদের কাজের যে দক্ষতা ও সফলতা প্রধানমন্ত্রীর কাছে আমরা এর ব্যাখ্যা দিতে পারব এবং তিনিও আমাদের কাজগুলো দেখে যে দায়িত্বগুলো আমাদের উপর অর্পণ করেছেন, সেগুলো মূল্যায়ন করতে পারবেন।”

মন্ত্রণালয়ের পক্ষে জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং বিভিন্ন সংস্থা প্রধানরা চুক্তিতে স্বাক্ষর করেন।