বাংলাদেশের জিএসপিতে কোনো রাজনীতি নেই: বার্নিকাট
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করলেও ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, তার দেশে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা দেওয়া-না দেওয়ার পেছনে কোনো রাজনৈতিক কারণ জড়িত নয়।
বুধবার গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনার ইউটা ফ্যাশন লিমিটেড এবং সদর উপজেলার বাংলাবাজার এলাকার ইপিলিয়ন পোশাক কারখানা পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে ১২২টি দেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) নবায়ন করা হলেও সেই তালিকায় আসেনি বাংলাদেশ।
এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সব শর্ত পূরণের পরও রাজনৈতিক কারণে বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে না যুক্তরাষ্ট্র।
জিএসপি সুবিধা স্থগিতের সময়ও একই অভিযোগ শোনা গেছে বাংলাদেশের মন্ত্রীদের কাছ থেকে।
বার্নিকাট বলেন, “যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করা হয়েছিল রানা প্লাজার ঘটনার পর, কোনো রাজনৈতিক কারণ তাতে ছিল না।”
বাংলাদেশে কারখানার কর্মপরিবেশ নিয়ে অসন্তোষ জানিয়ে আসা যুক্তরাষ্ট্র তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর পর ২০১৩ সালে জিএসপি সুবিধা স্থগিত করেছিল।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ১২২টি দেশের জিএসপি সুবিধা পুনর্হালের বিষয়ে বলেন, জিএসপি পদ্ধতিটিই তার দেশের কংগ্রেস বন্ধ রেখেছিল। এক বছর পর তা এখন পুনরায় চালু হওয়ায় যারা তখন পাচ্ছিল, তাদেরই তা দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরে (ইউএসটিআর) ওয়েবসাইটে বাংলাদেশের ক্ষেত্রে এখনও ওই সুবিধা স্থগিত থাকার কথা জানিয়ে শ্রম অধিকার পরিস্থিতি পর্যালোচনার কথা বলা হয়েছে।
বার্নিকাট বলেন, জিএসপি সুবিধা পেতে পারে বাংলাদেশ, এজন্য ১৬টি শর্ত পূরণ করতে হবে।
এই সময়কালে বাংলাদেশের পোশাক শিল্পে কর্মপরিবেশের উন্নতি হয়েছে মন্তব্য করে বার্নিকাট বলেন, এখন বাংলাদেশের জন্য কাজের পরিবেশের ধারাবাহিকতা ধরে রাখাই মূল চ্যালেঞ্জ।
“বাংলাদেশে জিএসপি সুবিধা পাওয়ার জন্য ১৬টি শর্তের মধ্যে কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার ছিল অন্যতম। এসব শর্তের বিভিন্ন দিক দিন দিন অগ্রগতি হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।”
তবে তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ শিগগিরই শর্তগুলো পূরণ করতে পারবে।
