‘জিএসপি না পাওয়া হতাশার’
যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর একজন শীর্ষ নেতা।
এক প্রতিক্রিয়ায় সংগঠনটির প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তালিকায় স্থান না হওয়া দেশের ভাবমূর্তির জন্য খারাপ; দেশ সম্পর্কে ভুল বার্তা যাবে।
যুক্তরাষ্ট্রের বাজারে ১২২টি দেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) নবায়ন করা হলেও সেই তালিকায় আসেনি বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরে (ইউএসটিআর) ওয়েবসাইটে বাংলাদেশের ক্ষেত্রে এখনও ওই সুবিধা স্থগিত থাকার কথা জানিয়ে শ্রম অধিকার পরিস্থিতি পর্যালোচনার কথা বলা হয়েছে।
সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “যে ১২২টি দেশকে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে তার মধ্যে অনেক দেশ আছে যাদের আর্থ-সামাজিক বিভিন্ন সূচক বাংলাদেশের চেয়ে অনেক খারাপ। তারা তালেবানি দেশকে জিএসপি সুবিধা দিচ্ছে, অথচ বাংলাদেশকে দিচ্ছে না। এটা হতাশার।”
“এটা আমাদের দেশের ভাবমূর্তির জন্য খারাপ। যখন বিশ্বের বিভিন্ন দেশ এটা পেল আর বাংলাদেশ পেল না, সেক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে একটা ভুল বার্তা যাবে। আমরা এটা চাইনি।”
সফিউল ইসলাম মহিউদ্দিন (ফাইল ছবি)
তার আগে জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেসের (জিএসপি) আওতায় বাংলাদেশ পাঁচ হাজার ধরনের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করতে পারত। তবে এর আওতায় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য ‘তৈরি পোশাক’ ছিল না।
তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “আইএলও বলছে, আমরা কারখানার নিরাপত্তা, শ্রমিকের স্বার্থ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে অনেক উন্নতি করেছি। আমাদের সরকারও অনেক উদ্যোগ নিয়েছে। কারখানা পরিদর্শক, অধিদপ্তর গঠন করা হয়েছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের টার্গেট অর্জনে আমরা অনেক এগিয়ে আছি। সবমিলিয়ে বাংলাদেশের জিএসপি না পাওয়ার কোন কারণ দেখি না।”
“বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু হিসেবে কাজ করছে। দুই দেশ যৌথভাবে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ থেকে রপ্তানির ফলে দেশটি ৮৫ কোটি ডলার কর আয় করছে। এরকম অবস্থায় বাংলাদেশ এই বাণিজ্যিক সুবিধা থেকে কেন বঞ্চিত হলো তার কোন ব্যাখ্যা আমরা ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাইনি।”
জিএসপি সুবিধা দেওয়া হলে বাংলাদেশে আরও ভাল করতো বলেও মনে করেন তৈরি পোশাক খাতের এই ব্যবসায়ী।
তিনি বলেন, “বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারতো। বাংলাদেশ এই সুবিধা পাওয়ার অধিকার রাখে।”
