রপ্তানি খাতের দুই তহবিলে সুদহার বাড়ল
নতুন ঋণে বাড়তি সুদহার প্রযোজ্য হবে, পুরনো ঋণের হার আগের মতোই থাকবে, সার্কুলারে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক পরিচালিত রপ্তানি খাতের দুই তহবিল থেকে নেওয়া স্বল্প সুদের ঋণে এখন থেকে কিছুটা বাড়তি সুদ গুনতে হবে রপ্তানিকারকদের।
এ দুই তহবিলের মধ্যে প্রাক-জাহাজীকরণ পুনঃঅর্থায়ন তহবিলের (প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন) সুদহার বাড়িয়ে করা হয়েছে ৫ শতাংশ, আগে যা ছিল সাড়ে ৩ শতাংশ।
রোববার বাণিজ্যিক ব্যাংকগুলোকে সুদহার বাড়ানো সংক্রান্ত সার্কুলার দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘‘জুলাই, ২০২৩ হতে কার্যকর বাজারভিত্তিক সুদহার নীতিমালার সাথে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় নতুন ঋণ সুবিধা প্রদানের ক্ষেত্রে নতুন সুদহার নির্ধারণ করতে হবে।’’
অন্যদিকে রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল (এক্সপোর্ট ফ্যাসিলিটেশন অন প্রি-ফাইন্যান্স ফান্ড-ইএফপিএফ) এর সুদহারও ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ তহবিলের আওতায় ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ২ শতাংশ সুদে অর্থ নিতে পারবে ব্যাংকগুলো, যা আগে ১ দশমিক ৫ শতাংশ ছিল।
উভয় তহবিল থেকে নতুন ঋণ নিতে নতুন সুদহার প্রযোজ্য হওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পুরনো ঋণের সুদহার আগের মতোই থাকবে।
বাংলাদেশ ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকার প্রাক-জাহাজীকরণ পুনঃঅর্থায়ন তহবিল ২০২০ সালে করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় গঠন করা হয়েছিল। স্থানীয় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনের কাঁচামাল আমদানিতে সহায়তা করতে গঠন করা হয়েছিল এটি।
পণ্য উৎপাদনে রপ্তানির আগেই এ তহবিল থেকে ঋণ নেওয়ার সুযোগ রাখা হয়। ২০২২ সালের মে মাসে এ ঋণের সুদহার ৫ শতাংশ থেকে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশে নামিয়ে এনেছিল বাংলাদেশ ব্যাংক। এরমধ্যেই ব্যাংকের সব সেবা ফি ও চার্জ ধরা থাকবে।
এক বছর পর সেই ঋণের সুদহার আগের জায়গায় নেওয়া হল।
ব্যাংকগুলো এ তহবিল থেকে এতদিন শূন্য দশমিক ৫ শতাংশ হারে অর্থ নিয়ে সর্বোচ্চ সাড়ে তিন শতাংশ সুদে গ্রাহকদের ঋণ দিতে পারত। ব্যাংকগুলোকে এখন কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে শূন্য দশমিক ৫ শতাংশের পরিবর্তে ২ শতাংশ সুদে অর্থ নিতে হবে।
প্রত্যক্ষ রপ্তানিমুখী প্রতিষ্ঠান এবং প্রচ্ছন্ন রপ্তানিকারক উদ্যোক্তা এ তহবিল থেকে ঋণ নিতে পারেন। তহবিলের অর্থ রপ্তানিকারকের ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের মাধ্যমে উৎপাদনের কাঁচামাল আমদানির জন্য ব্যবহার করা যাবে। ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে স্থানীয় উৎপাদনকারী-সরবরাহকারী কাঁচামাল আমদানির -জন্যও ঋণ সুবিধা পাবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, “এ তহবিলের আওতায় পুর্নঅর্থায়ন সুবিধা গ্রহণকারী কোনো গ্রাহকের পরপর তিনটি রপ্তানিমূল্য অপ্রত্যাবাসিত থাকলে নতুনভাবে আর কোনো সুবিধা পাবেন না।“
“শেল’ কোম্পানি/ প্রতিষ্ঠানের রপ্তানি আদেশের বা ‘শেল’ ব্যাংকের রপ্তানি ঋণপত্রের বিপরীতে এ তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়া যাবে না।’’
ঋণের সীমা ও বাছাই পদ্ধতির বিষয়ে ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক এবং প্রচলিত নিয়ম মানতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গ্রাহক পর্যায়ে ঋণের মেয়াদ যা-ই হোক না কেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক সর্বোচ্চ ১৮০ দিন বা ছয় মাস মেয়াদে অংশগ্রহণকারী ব্যাংককে প্রাক-অর্থায়ন সুবিধা প্রদান করা হবে, যা মেয়াদ শেষে সুদসহ এককালীন পরিশোধ করতে হবে।
তবে যৌক্তিক কারণে রপ্তানিমূল্য প্রত্যাবাসন দেরি হলে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালক পর্ষদ বা নির্বাহী কমিটির অনুমোদনক্রমে মেয়াদ অনধিক ৯০ দিন বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকে প্রস্তাব পাঠানো যাবে। সেক্ষেত্রে কেস টু কেসভিত্তিতে বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক অনাপত্তি পত্র দিবে।
সুদহার বাড়ানো ছাড়া তহবিল পরিচালনায় অন্যান্য নির্দেশনা বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক।
