২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে এলপিজির দাম কেজিতে বাড়ল দেড় টাকা

সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বেড়ে ১৩৮১ টাকা হয়েছে।

নভেম্বরে এলপিজির দাম কেজিতে বাড়ল দেড় টাকা

ঢাকা শহরের বিভিন্ন এলাকার দোকানে ফোন করলেই বাসায় পৌঁছে যায় এলপিজি সিলিন্ডার, এ কাজে দোকানের কর্মীরা ব্যবহার করেন বাইসাইকেল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 04:55 PM

Updated : 02 Nov 2023, 04:55 PM

টানা চার মাস ধরে ঊর্ধমুখী প্রবণতায় রয়েছে তরল পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম; নভেম্বরে প্রতি কেজিতে এক টাকা ৪৮ পয়সা বাড়িয়ে নতুন দর ঠিক করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি।

বৃহস্পতিবার কমিশনের সভাকক্ষে চেয়ারম্যান মো. নূরুলআমিন নতুন এই দর ঘোষণা করেন। তিনি জানান, নভেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম ঠিক করা হয়েছে ১১৫ টাকা ০৯ পয়সা, যা অক্টোবরে ছিল ১১৩ টাকা ৬১ পয়সা।

সেই হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম গত মাসের ১৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বেড়ে ১৩৮১ টাকা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা। অগাস্টে তা বেড়ে এক হাজার ১৪০ টাকা, সেপ্টেম্বরে আরো বেড়ে এক হাজার ২৮৪ টাকা হয়। অক্টোবরে আরও ৭৯ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছিল ১ হাজার ৩৬৩ টাকা।

সৌদি আরামকো নভেম্বরের জন্য এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের প্রতি টনের গড় মূল্য ঘোষণা করেছে ৬১৬ দশমিক ৫০ ডলার যা আগের মাসে ছিল ৬০৯ দশমিক ৭৫ ডলার। সেই দর বিবেচনায় নিয়ে নতুন দর ঠিক করেছে বিইআরসি, যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

নভেম্বরের জন্য রেটিকুলেটেড এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতিকেজি ১১১ টাকা ২৬ পয়সা, যা আগের মাসে ১০৯ টাকা ৮৯ পয়সা ছিল। এই মাসে প্রতিলিটার অটোগ্যাসের দাম ঠিক করা হয়েছে ৬৩ টাকা ৩৬ পয়সা যা আগের মাসে ছিল ৬২ টাকা ৫৪ পয়সা।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির সৌদি কার্গো প্রাইস বা সিপি বিবেচনায় নিয়ে দেশের বাজারে মাসে মাসে এলপিজির দাম ঠিক করছে বিইআরসি। কিন্তু বাজারে এর চেয়ে অন্তত ২০০ টাকা বেশি দরেই পণ্যটি ভোক্তাদের হাতে যাচ্ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, “অনেক সময় উৎপাদনকারী কোম্পানিগুলো থেকে দাম অতিক্রম করার ঘটনাটি ঘটে থাকে, যার প্রভাবে বাজারে দাম বাড়ে। সেজন্য লাইসেন্স কর্তৃপক্ষ বিইআরসির উচিত রেগুলেটরি পদক্ষেপ নেওয়া।”

বিইআরসির চেয়ারম্যান জানান, তারা বেশ কয়েকটি কোম্পানিকে দাম বৃদ্ধির অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন, যার মধ্যে চারটি কোম্পানি ইতোমধ্যে নোটিসের জবাব দিয়েছে।