২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়ার অভিযোগ: বাংলাদেশে মুনফ্রগের ব্যবসা বন্ধের কথা ভাবছে সুইডিশ কোম্পানি স্টিলফ্রন্ট

বৃহস্পতিবার সুইডেনে স্টিলফ্রন্টের শেয়ার দর কমেছে ১৩ শতাংশ।

জুয়ার অভিযোগ: বাংলাদেশে মুনফ্রগের ব্যবসা বন্ধের কথা ভাবছে সুইডিশ কোম্পানি স্টিলফ্রন্ট

গ্রেপ্তার ছয়জনের মাঝে ‘উল্কা গেমস লিমিটেড’ এর সিইও জামিলুর রশিদ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 01:21 PM

Updated : 04 Nov 2022, 01:36 PM

এক গেম ডেভেলপারসহ ছয়জন অর্থ পাচারের অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশে ভারতীয় কোম্পানি মুনফ্রগ ল্যাবের সহযোগী উল্কা গেমস লিমিটেডের কার্যক্রম বন্ধের কথা ভাবছে এর মূল কোম্পানি স্টিলফ্রন্ট গ্রুপ।

সুইডেনভিত্তিক এই কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মুনফ্রগের কার্যক্রম চলছে ভারতে। ওই কোম্পানির সঙ্গে যোগসাজশে উল্কা গেমস বাংলাদেশে ‘তিন পাত্তি গোল্ডসহ’ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাঠিয়েছে বলে র‌্যাবের ভাষ্য।

গত রোববার রাতে মহাখালী ও উত্তরা এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব, যাদের মধ্যে আছেন জামিলুর রশিদ (৩১), সায়মন হোসেন (২৯), মো. রিদোয়ান আহমেদ (২৯),  মো. রাকিবুল আলম (২৯), মো. মুনতাকিম আহমেদ (৩৭) ও কায়েস উদ্দিন আহম্মেদ (৩২)।

তাদের মধ্যে জামিলুর রশিদ এই অনলাইন জুয়া চক্রের ‘হোতা’ জানিয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সোমবার বলেছিলেন, ‘হিরোজ অব ৭১’ ও ‘মুক্তি ক্যাম্প’ নামে ২০১৭ সালে দুটি গেম নির্মাণের জন্য জামিলুর সরকারের কাছ থেকে ৩০ লাখ টাকার অনুদান পেয়েছিলেন। ওই বছরই মুনফ্রগ ল্যাবের সঙ্গে তার যোগাযোগ হয়। ২০১৮ সালে দেড় লাখ টাকা বেতনে তিনি গেম ডিজাইন কনসালটেন্ট ও বাংলাদেশে নিযুক্ত মুনফ্রগের কর্মকর্তা হিসাবে যুক্ত হন।

মুনফ্রগ ল্যাবের অনলাইন জুয়া অ্যাপ তিন পাত্তি গোল্ডের জনপ্রিয়তা বেড়ে গেলে ২০১৯ সালের শুরুর দিকে জামিলুর ‘উল্কা গেমস প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান খোলেন।

র‌্যাব কর্মকর্তা মঈন বলেছিলেন, “দেশে গেম ডেভেলপমেন্টের অনুমোদন থাকলেও অনলাইন জুয়া বা ক্যাসিনোর অনুমোদন না থাকায় উল্কা বিভিন্ন ভুল তথ্য উপস্থাপন করে সংশ্লিষ্ট দপ্তর হতে আইনি বৈধতা পায়।”

বৃহস্পতিবার এক বিবৃতিতে স্টিলফ্রন্ট বলেছে, অনলাইন জুয়ার অভিযোগে বাংলাদেশের আইনশৃঙ্খলাবাহিনী উল্কা গেমসের কয়েকজন প্রতিনিধি ও শেয়ারহোল্ডারদের (স্টিলফ্রন্টসহ) বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। মূল কোম্পানির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ না উঠলেও স্থানীয় আইন উপদেষ্টাদের মাধ্যমে বিষয়টির ওপর নজর রাখছে স্টিলফ্রন্ট ও মুনফ্রগ।

এ খবর প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার সুইডেনে কোম্পানিটির শেয়ার দর ১৩ শতাংশ কমে গেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

তিন পাত্তি গোল্ড মূলত একটি অ্যাপ যা মোবাইলে ডাউনলোড করে খেলা যায়। রেজিস্ট্রেশনের পর একজন গ্রাহককে খেলার জন্য কিছু ‘চিপস’ ফ্রি দেওয়া হয়। সেগুলো শেষ হয়ে গেলে গেম খেলতে টাকা দিয়ে চিপস কিনতে হয়। বাংলাদেশে মূলত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চিপস কেনার লেনদেন হচ্ছে বলে র‌্যাবের ভাষ্য।

গত সোমবার র‌্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, উল্কার মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০ হাজার কোটি চিপস বিক্রি হত এবং প্রতি কোটি চিপস বিভিন্ন পর্যায়ে ৪৬ থেকে ৬৫ টাকায় বিক্রি হত।বর্তমানে ‘তিন পাত্তি গোল্ডের’ প্রায় ৯ লাখ নিয়মিত গেমার রয়েছেন এবং প্রতিদিন প্রায় ৩০ লাখ টাকার চিপস বিক্রি হয়।

মঈন বলেছিলেন, “ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে মাঠ পর্যায়ে চিপস ছড়িয়ে দেওয়া হয়। পরে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চিপস বিক্রির টাকা ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে সংগ্রহ করা হয়।

“বর্তমানে উল্কা গেমস এর চারটি অ্যাকাউন্টে ৮০ কোটির বেশি টাকা রয়েছে। গত দুই বছর তারা মুনফ্রগ ল্যাবকে ব্যাংকের মাধ্যমে ২৯ কোটি টাকা পাঠিয়েছে।”

স্টিলফ্রন্ট গ্রুপ তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশে তিন পাত্তি গোল্ড চালানোর জন্য উল্কাকে আনুষ্ঠানিক লাইসেন্স দিয়েছে তারা। কিন্তু যেসব গেমের অ্যাপ উল্কার মাধ্যমে নামানো বা খেলা যায়, সেগুলোর কোনোটার জন্যই খেলার বাইরে সত্যিকারের টাকা নেওয়ার কোনো অনুমতি তাদের নেই।  

“বাংলাদেশি কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে এবং বাংলাদেশি আইনে অনলাইন গেমের সঙ্গে অনলাইন জুয়ার পার্থক্য করতে যে ব্যাখ্যা এখন দেওয়া হচ্ছে, সেই পরিস্থিতিতে বাংলাদেশে অনলাইন গেমের ব্যবসা করা আর লাভজনক হবে বলে মনে করছে না স্টিলফ্রন্ট। সে কারণে বাংলাদেশে মুনফ্রগ ল্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

বিবৃতিতে স্টিলফ্রন্ট দাবি করেছে, ২০২২ সালের প্রথম নয় মাসে তাদের মোট আয়ের ‘মাত্র ১ শতাংশ’ উল্কা গেমসের মাধ্যমে এসেছে। ফলে বাংলাদেশে কার্যক্রম বন্ধ করে দিলে সার্বিকভাবে স্টিলফ্রন্ট বা মুনফ্রগের ব্যবসায় বড় কোনো প্রভাব পড়বে না।

পুরনো খবর:

অনুদান পাওয়া গেম ডেভেলপার অনলাইনে ‘তিন পাত্তির’ কারবারে