১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এলসির গতি বাড়াতে ধৈর্য ধরতে বললেন অর্থমন্ত্রী

“মূল্যস্ফীতির কারণে কিছুটা অস্বস্তি আছে। তবে এটা নয় যে মানুষ একেবারে মরে যাচ্ছে। আমরা দেখতে চাই যে সামগ্রিকভাবে অর্থনীতি উপরে যাচ্ছে।”

এলসির গতি বাড়াতে ধৈর্য ধরতে বললেন অর্থমন্ত্রী

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ প্রধান আবদুসাত্তর ইসোয়েভ বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2024, 08:46 PM

Updated : 23 Feb 2024, 06:10 PM

আমদানি পণ্যের এলসি খোলার গতি বাড়ানোর জন্য আরও কিছুদিন ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ যে চাপে আছে, সে কথা স্বীকার করে নিয়েই অর্থনীতির উন্নতির জন্য সরকারের চেষ্টার কথা তিনি বলেছেন।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ প্রধান আবদুসাত্তর ইসোয়েভ বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ওই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন।

ব্যবসায়ীরা এখনো চাহিদামাফিক এলসি খুলতে পারছেন না, এটা কীভাবে আরো মসৃণ করা যায়– এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, “এলসিতো খুলছে…। একটু ধৈর্য ধরেন, হচ্ছে, কাজ হচ্ছে।”

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মূল্যস্ফীতির কারণে কিছুটা অস্বস্তি আছে। তবে এটা নয় যে মানুষ একেবারে মরে যাচ্ছে। আমরা দেখতে চাই যে সামগ্রিকভাবে অর্থনীতি উপরে যাচ্ছে।”

তবে পরিস্থিতির উন্নয়নে কিছুটা সময় লাগবে জানিয়ে মন্ত্রী বলেন, “আজকে থেকে কালকে এভাবে উন্নতি করা সম্ভব নয়, একটি নির্দিষ্ট সময় লাগে। তবে দেখতে হবে যে অর্থনীতি কীভাবে এগোচ্ছে।”

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোকে কাঙ্ক্ষিত সীমার মধ্যে রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে বৈঠকের ফলাফল সম্পর্কেও প্রশ্ন করা হয় মাহমুদ আলীকে।

তিনি বলেন, “অগ্রগতি অবশ্যই হয়েছে। কিছু ক্ষেত্রে কিছু অগ্রগতির জন্য অপেক্ষা করছে। তবে জোর করে কিছু নামানো সম্ভব নয়।"

সম্প্রতি রোমে অনুষ্ঠিত আইএফএডির (ইফাদ) গভর্নিং কাউন্সিলের ৪৭তম অধিবেশনে অংশগ্রহণের অভিজ্ঞতা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ইফাদ এ পর্যন্ত বাংলাদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এটা আরো বাড়বে বলে তিনি আশা করছেন।