২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইন্যান্স এশিয়া পুরস্কার পেল প্রাণ এগ্রো

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে এই পুরস্কার জিতেছে প্রাণ এগ্রো লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2024, 09:17 PM

Updated : 29 Feb 2024, 09:17 PM

বাংলাদেশের প্রথম ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে মর্যাদাপূর্ণ ফাইন্যান্স এশিয়া পুরস্কার পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল এর অঙ্গ প্রতিষ্ঠান প্রাণ এগ্রো লিমিটেড।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে এই পুরস্কার জিতেছে প্রাণ এগ্রো লিমিটেড। সম্প্রতি হংকংয়ের একটি হোটেলে এই পুরস্কার দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ বলেছে, প্রাণ এগ্রো ২৬২ কোটি টাকার গ্যারান্টিযুক্ত আট বছরের নির্দিষ্ট মূল্যের কর্পোরেট বন্ডের জন্য এ পুরস্কার পেয়েছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান গ্যারান্টকো এ বন্ডের গ্যারান্টার এবং রিভারস্টোন ক্যাপিটাল ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছে।

প্রাণ এগ্রো লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী।

তিনি বলেন, "বাংলাদেশ থেকে প্রাণ এগ্রো প্রথম ব্যবসায়িক প্রতিষ্ঠান, যারা ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ড অর্জন করেছে; যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশের কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে প্রাণ এগ্রো এই পুরস্কার জিতেছে। এ ধরনের পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে বহিঃবিশ্বে প্রাণ-আরএফএল এর বিশাল অগ্রযাত্রাকে তুলে ধরতে সহায়তা করবে।”

উজমা চৌধুরী বলেন, "এর ফলে আগামী দিনে বৈশ্বিক পরিমণ্ডলে প্রাণ-আরএফএল এর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা আরও সহজ হবে। আর্থিক লেনদেনে প্রাণ-আরএফএল এর ব্যাপক সুনাম রয়েছে; এ ধরনের একটি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তি সেটি আরও প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।”