১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’র মঞ্চে লড়বে বাংলাদেশের ব্যান্ড ‘বিটমোসফিয়ার’

আগামী শনিবার থাইল্যান্ডের ‘ওয়ান ব্যাংকক ফোরাম’-এ বসতে যাচ্ছে এশিয়ার সংগীতের এই আসর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 04:51 PM

Updated : 12 Nov 2026, 04:51 PM

আন্তর্জাতিক গানের প্রতিযোগিতা ‘ইউরোভিশন’ এর প্রথম এশীয় সংস্করণ ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’র গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে দেশীয় অ্যাকাপেলা বিটবক্সিং ব্যান্ড ‘বিটমোসফিয়ার’।

আগামী শনিবার থাইল্যান্ডের ‘ওয়ান ব্যাংকক ফোরাম’-এ বসতে যাচ্ছে এশিয়ার সংগীতের এই আসর।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (থাইল্যান্ড সময় রাত সাড়ে ৮টা) শুরু হতে যাওয়া এই গ্র্যান্ড ফাইনালে নিজেদের মৌলিক গান ‘তুমি এলে’ নিয়ে এশিয়ার আরও দশটি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বে বাংলাদেশের এই দলটি।

‘তুমি এলে’ গানটির কথা ও সুর করেছেন দলটির সদস্য সাইকোভার্স, বিটবাক্সো, ভাষা, জার্দো এবং শুভ্র রাহা।

যেভাবে মূল পর্বে ‘বিটমোসফিয়ার’

‘ইউরোভিশন’ ফ্র্যাঞ্চাইজি তাদের ৭০তম বর্ষপূর্তি ঘিরে এবারই প্রথম এশিয়ান সংস্করণ চালু করেছে।

এই আসরে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এর প্রযোজনা এবং এনটিভির সহযোগিতায় আয়োজিত হয়েছিল বাছাইপর্ব ‘ভয়েস অব বাংলাদেশ: সং ফর ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’।

এই আয়োজনে দেশজুড়ে অংশ নেওয়া প্রতিযোগীদের পেছনে ফেলে সেরা নির্বাচিত হয়েছে ‘বিটমোসফিয়ার’।

সেরা নির্বাচিত হয়েই দলটি ব্যাংককের এই চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়াও এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মঙ্গোলিয়া, ভুটান, ফিলিপিন্স, নেপাল ও মালয়েশিয়া।

ইউরোভিশনের নিয়ম অনুযায়ী, চূড়ান্ত ফলাফলের ৫০ শতাংশ নির্ধারিত হবে অংশগ্রহণকারী ১১টি দেশের বিচারকদের (জুরি) মূল্যায়নে এবং বাকি ৫০ শতাংশ আসবে দর্শকদের সরাসরি ভোটে।

এছাড়া ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ ক্যাটাগরিতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দর্শকরা ভোট দেওয়ার সুযোগ পাবেন। তবে নিয়ম অনুযায়ী, কোনো দেশের দর্শক নিজ দেশের প্রতিনিধিকে ভোট দিতে পারবেন না।

শনিবারের এই গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করবে বঙ্গ এবং এনটিভি।