১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শুক্র-শনি কাস্টম হাউজে শুল্কায়নসহ সব কাজ চলবে

আমদানি-রপ্তানির তথ্য ও শুল্কের হিসাব রাখার সফটওয়্যার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ধীরগতি থাকায় বৈদেশিক বাণিজ্য গত কয়েকদিন বাধাগ্রস্ত হয়।

শুক্র-শনি কাস্টম হাউজে শুল্কায়নসহ সব কাজ চলবে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 06:43 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

সাপ্তাহিক ছুটির দিন আগামী শুক্র ও শনিবার দেশের সব কাস্টম হাউজ দিয়ে আমদানি ও রপ্তানি বিষয়ক সব কার্যক্রম চালু থাকবে।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক নীতি শাখা থেকে চট্টগ্রাম কাস্টম হাউজ, ঢাকা কাস্টম হাউজ, বেনাপোল কাস্টম হাউজ, আইসিডি কাস্টম হাউজ, মোংলা ও পানগাঁও কাস্টম হাউজকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আমদানি-রপ্তানির তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ধীরগতি থাকায় গত কয়েকদিন বৈদেশিক বাণিজ্যের ‘পণ্যচালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্থ হয়েছে’।

এমন প্রেক্ষাপটে সব কাস্টম হাউজকে ‘দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন’ রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের সব ব্যবসায়ী সংগঠন, সরকারি সংস্থা ও আমদানি-রপ্তানি সংক্রান্ত সমিতিদেরও এটি অবহিত করা হয়েছে।

এর আগে এনবিআরে আন্দোলন ঘিরে রাজস্ব আদায় ব্যাহত হলে জুনের দুই শনিবার সব কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়; তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে ফের আন্দোলন শুরু হলে এক শনিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে পড়ে।

তখন এনবিআরের সব কর্মী ঢাকায় আন্দোলনে যোগ দেওয়ায় সব কাস্টম হাউজ অচল হয়ে পড়ে।

চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ রেখে ঢাকায় চলে আসায় তখনকার কমিশনারকে সাময়িক বরখাস্তও করা হয়।