১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক হলেন সাব্বির হাসান নাসির

দেশের বৃহত্তম এ সুপার শপের নির্বাহী পরিচালক হিসেবে ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2024, 07:40 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরকে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়েছে এসিআই লিমিটেড।

বুধবার এসিআই গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে পদোন্নতির এ তথ্য দেওয়া হয়।

দেশের বৃহত্তম এ সুপার শপের নির্বাহী পরিচালক হিসেবে ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করেন সাব্বির হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ বছরের বেশি সময় ধরে সাব্বির নাসির বহুজাতিক ও দেশি করপোরেটে উল্লেখযোগ্য এক নাম। সিইওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে কাজ করেছেন। 

তার নেতৃত্বে স্বপ্ন বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড হয়ে উঠেছে মন্তব্য করে এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা বলেন, “দৃষ্টান্তমূলক এমন নেতৃত্বের জন্য সাব্বির নাসির পদোন্নতিসহ স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন।”

১৯৯৬ সালে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জনের পর সাব্বির নাসির বাটা সু লিমিটেডে তার কর্মজীবন শুরু করেন। চাকরিরত অবস্থায় আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং পরে অ্যাঙ্গোলায় গলফ্রেট এইচএন্ডপিসি লিমিটেডে কাজ করতে যান, যেখানে তিনি ইউনিলিভারের উৎপাদন কার্যক্রম তত্ত্বাবধান করেন।

পরে তিনি টেট্রাপ্যাক সাউথ ইস্ট এশিয়া প্রাইভেট লিমিটেডেও কাজ করেছেন এবং ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত অটবির সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহু একাডেমিক কৃতিত্বের পাশাপাশি সাব্বির নাসির বুয়েট, আইবিএ, এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্ট এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের অ্যালামনাই সদস্য।