০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বন্ধ বস্ত্রকল চালুতে ‘আগ্রহী নেই’, পিপিপির শর্ত শিথিলের সুপারিশ

দুটি বন্ধ বস্ত্রকল চালুতে তিনবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান হলেও কোনো দরপত্র জমা পড়েনি।

বন্ধ বস্ত্রকল চালুতে ‘আগ্রহী নেই’, পিপিপির শর্ত শিথিলের সুপারিশ
মাগুরায় এই টেক্সটাইল মিলসটি চালুর জন্য তিনবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেও আগ্রহী কাউকে পায়নি বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 08:55 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) বন্ধ থাকা বস্ত্রকলগুলো চালু করতে আগ্রহী কোম্পানি খুঁজে না পাওয়ার পরিপ্রেক্ষিতে সরকারি বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) শর্ত শিথিল করার সুপারিশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। 

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে টেক্সটাইল জোন এলাকায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সুপারিশও করা হয়। 

কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আনোয়ারুল আশরাফ খান, আব্দুল মমিন মন্ডল, মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, রাগেবুল আহসান, মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং মাসুদা সিদ্দীক বৈঠকে অংশ নেন। 

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় বন্ধ থাকা বিটিএমসির ১৬টি কল পিপিপির ভিত্তিতে পরিচালনার জন্য অর্থনৈতিক মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত আছে। 

এর মধ্যে ফেনীতে অবস্থিত দোস্ত টেক্সটাইল মিলস চালু করার জন্য পরপর তিনবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। কিন্তু কোনো দরপত্র পাওয়া যায়নি। এ পর্যায়ে সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। আবার দরপত্র আহ্বান করা হবে। 

মাগুরা টেক্সটাইল মিলস চালু করার জন্যও তিনবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে কোনো দরপত্র পাওয়া যায়নি। 

এই পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি প্রয়োজনে পিপিপির শর্ত শিথিল করার সুপারিশ করে। 

সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় জানায়, ১৬টি বস্ত্রকলের মধ্যে ঢাকার আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলস হস্তান্তরের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে আছে। 

গাজীপুরে কাদেরিয়া টেক্সটাইল মিলের জমি ওরিয়ন–কাদেরিয়া টেক্সটাইলস লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মন্ত্রিসভা বিভাগের অনুমোদন পেলে শিগগির চট্টগ্রামের সীতাকুন্ডে আর আর টেক্সটাইলস মিলস ও রাজশাহী টেক্সটাইলস মিলস চালু করার জন্য বেসরকারি অংশীদারের সঙ্গে চুক্তি সই হবে।

দুটি মিলের চুক্তির সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। 

এর বাইরে ৮টি মিল আবার চালু করার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেয়েছে। এগুলোর বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। 

টাঙ্গাইল কটন মিলস চালু করার কার্যক্রম মামলার কারণে বন্ধ রয়েছে। 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিটিএমসির বন্ধ মিলের সংখ্যা ২৫ টি। এর মধ্যে ২০টি ইজারাভিত্তিতে বেসরকারি ব্যবস্থাপনায় আবার চালু করার সিদ্ধান্ত হয়। 

ইতিমধ্যে ১৪টি মিলের লিজ চুক্তি সই হয়েছে। 

সংসদ সদস্য রাগেবুল আহসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিলগুলো কেন দ্রুত লিজ দেয়া যাচ্ছে না, অংশীদারত্বের শর্ত আরো শিথিল করা যায় কিনা, মিল লিজ নিতে মানুষকে আরো বেশি আগ্রহী করা যায় কিনা, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।