Published : 16 Jul 2026, 06:03 PM
সৌরাভ নেত্রাভাল্কারের বলে ছক্কায় ১৭ বলে ফিফটি স্পর্শ করলেন কাইরন পোলার্ড। ওই ছক্কায় বড় আরেকটি মাইলফলকেও পৌঁছে গেলেন ক্যারিবিয়ান ক্রিকেটার। টি-টোয়েন্টি ক্রিকেটে ১ হাজার ছক্কা পূর্ণ হলো তার ওই শটেই।
মেজর লিগ ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ২৫ বলে ৬৪ রানের ইনিংসের পথে আটটি ছক্কা মারেন পোলার্ড। এর সপ্তমটিতে পৌঁছে যান হাজার ছক্কার সীমানায়।
টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন এই কীর্তি ছিল একজনেরই এবং তার নামটি সহজেই অনুমেয়। ১ হাজার ৫৬ ছক্কায় ক্যারিয়ার শেষ করেছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল।
ইনিংসপ্রতি ছক্কার হারে অবশ্য দুজনের তুলনাই চলে না। গেইলের ১ হাজার ৫৬ ছক্কা এসেছে ৪৫৫ ইনিংসে। পোলার্ড হাজার ছুঁলেন ৬৬৩ ইনিংসে।
কিছুদিন আগে গেইলকে ছাড়িয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের করে নিয়েছেন পোলার্ড। এই ৩৯ বছর বয়সেও যেভাবে উত্তাল তার ব্যাট, তাতে ছক্কাতেও শীর্ষে উঠতে সময় হয়তো খুব বেশি লাগবে না। এই মেজর লিগ ক্রিকেটেই সেঞ্চুরি করেছেন, ফিফটি করেছেন ৩টি। ৩২১ রান করেছেন ৪০.১২ গড় ও ১৫৩.৫৮ স্ট্রাইক রেটে। ছক্কা মেরেছেন ১৯টি।
ছক্কার রেকর্ডে গেইল ও পোলার্ডের ধারেকাছে নেই কেউ। তিন নম্বরে থাকা নামটিও অনুমিতই। আরেক ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ৭৯২টি ছক্কা মেরেছেন ৫১৭ ইনিংস খেলে।
৪৪১ ইনিংসে ৭৬৪টি ছক্কায় তালিকার চারে নিকোলাস পুরান। চার ক্যারিবিয়ানের পর আছে জশ বাটলার। ৪৮৬ ইনিংস খেলে ইংলিশ গ্রেটের ছক্কা ৬৩০টি। এছাড়া ৬০০ ছক্কা আছে আর কেবল কলিন মানরোর (৬০৩)।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ২৫৬ ছক্কা নিয়ে সবার ওপরে তামিম ইকবাল। সাকিব আল হাসান খেলে যাচ্ছেন ২২৪ ছক্কা নিয়ে। মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ২২১টি।