Published : 15 Jul 2026, 11:45 PM
বেসরকারি খাতের শরিয়াহভিত্তিক আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পেল চট্টগ্রামভিত্তিক কোম্পানি— কেডিএস গ্রুপ।
স্বতন্ত্র পরিচালকদের দিয়ে পরিচালিত হয়ে আসা ব্যাংকটিতে প্রায় তিন বছর পর ১৪ জন নতুন পরিচালক দিল বাংলাদেশ ব্যাংক।
শেয়ারধারক পরিচালকদের মধ্যে ছয়জন আছেন কেডিএস গ্রুপ থেকে। অন্যদের বেশির ভাগই ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক।
নতুন পরিচালকদের তালিকায় আছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম রহমান, কেডিএস টেক্সটাইলের পক্ষে প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, কেডিএস গ্রুপের কেওয়াই স্টিল মিলের পক্ষে প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস গ্রুপের ব্যবসায়ীক অংশীদার ও প্যাসিফিক জিনসের উদ্যোক্তা বদিউর রহমান।
আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক বদিউর রহমান ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন।
নতুন পরিচালক হয়েছেন নারিশ পোল্ট্রি ফিডের মূল প্রতিষ্ঠান খালেদ গ্রুপ অব কোম্পানিজ ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক নাজমুল আহসান খালেদ, জাহাজ ভাঙা শিল্প আসাদী স্টিলের উদ্যোক্তা ও ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক লিয়াকত আলী চৌধুরী, ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ও সিলেটের ব্যবসায়ীক প্রতিষ্ঠান আল হারামাইন গ্রুপের ইমাদুর রহমান, ব্যাংকের উদ্যোক্তা পরিচালক রফিকুল ইসলাম এবং পুরান ঢাকার মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লা।
তিনিও ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে জামায়াতের ইসলামীর পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।
ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মীর আহমেদ সওদাগরের সন্তান ও চট্টগ্রামের মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম এবং ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মডার্ন গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসাইনও আছেন ১৪ জনের তালিকায়। পরিচালক হয়েছেন ব্যবসায়ী আহামেদুল হকও।
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাত পুনর্গঠন ও সংস্কারের অংশ হিসেবে ডজনের বেশি ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।
২০২৪ সালের অগাস্ট থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদে রয়েছেন স্বতন্ত্র ৫ পরিচালক।
পুরনো উদ্যোক্তাদের ফিরিয়ে দেওয়ার তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘এক সময়ে যারা পরিচালক ছিলেন, তাদের মধ্যে থেকে নতুন করে আল আরাফাহ ব্যাংকের পর্ষদে পরিচালক দিয়েছে বাংলাদেশ ব্যাংক।’’
কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘অন্তর্বতী সরকারের সময়ে যেসব ব্যাংকের বোর্ড ভেঙে দিয়ে স্বতন্ত্র পরিচালক দিয়ে পরিচালনা করা হচ্ছে, সব ব্যাংকের পর্ষদ নতুন করে সাজানোর অংশ হিসেবে প্রথমে আল আরাফাহ ইসলামী ব্যাংকে পরিচালক নিয়োগ দেওয়া হলো।’’
তিনি বলেন, ‘‘যেসব পরিচালকদের বিরুদ্ধে বড় ধরনের বা গুরুতর অভিযোগ নেই, তাদের আবেদনে অন্যান্য ব্যাংকেও পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।’’
বর্তমানে স্বতন্ত্র পরিচালক হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন খাজা শাহরিয়ার। অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন শাহীন উল ইসলাম, আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান।